সুরক্ষিত মিউচুয়াল ফান্ডের টাকা অন্য খাতে সরিয়েছে তহবিল ব্যবস্থাপক এল আর গ্লোবাল বাংলাদেশ
শেয়ারবাজারে অর্থ লুটের আরেক কেলেঙ্কারি
অর্থ লুটের আরেক কেলেঙ্কারির ঘটনা ঘটেছে শেয়ারবাজারে। বাজারের সুরক্ষিত বিনিয়োগের টাকায় গরু-ছাগল মোটাতাজাকরণ ওষুধ উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান খুলেছে সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান এল আর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট। গার্ডিয়ান হেলথকেয়ার নামের ১৫ কোটি টাকার এই প্রতিষ্ঠানে বিনিয়োগকারীদের সুরক্ষিত তহবিলের প্রায় ছয় কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। আর ২০১৩ সালের আগস্টে প্রতিষ্ঠিত থাইরোকেয়ার বাংলাদেশ নামের অখ্যাত একটি ডায়াগনস্টিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হয়েছে প্রায় ২৫ কোটি টাকা।
এ ছাড়াও নামসর্বস্ব প্রোপারটি ইনভেস্টরস ও ট্রিবিকা ম্যানেজমেন্ট নামের দুই প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হয়েছে যথাক্রমে ১১ কোটি ৮০ লাখ ও তিন কোটি ছয় লাখ টাকা। কখনো সাধারণ শেয়ার, কখনো অগ্রাধিকারমূলক বা প্রেফারেন্স শেয়ার, আবার কখনো বন্ডের মাধ্যমে এসব বিনিয়োগ দেখানো হয়। এভাবে নতুন চার প্রতিষ্ঠান খুলে তাতে বিনিয়োগের নামে ছয়টি মিউচুয়াল ফান্ডের প্রায় ৪৬ কোটি ৪০ লাখ টাকা কারসাজির মাধ্যমে সরিয়ে নেওয়া হয়েছে।
প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে, যে চারটি কোম্পানিতে বিনিয়োগ দেখিয়ে এই অর্থ সরিয়ে নেওয়া হয়েছে তার মধ্যে প্রোপারটি ইনভেস্টরস, ট্রিবিকা ম্যানেজমেন্ট ও থাইরোকেয়ার বাংলাদেশের ঠিকানা দেখানো হয়েছে এল আর গ্লোবালের ঢাকার গুলশান ও আর কে মিশন রোডের কার্যালয়কে। আর গার্ডিয়ান হেলথকেয়ারের ঠিকানা দেখানো হয়েছে ওই কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের কলাবাগান লেকসার্কাসের বাসাকে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে গার্ডিয়ান ও থাইরোকেয়ারের বাস্তব অস্তিত্ব খুঁজে পাওয়া গেলেও অন্য দুটিকে পাওয়া যায়নি।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা ২০০১-এর ২৭ ধারায় সম্পদ ব্যবস্থাপকের নিবন্ধন মঞ্জুরির অযোগ্যতা হিসেবে বলা আছে, সম্পদ ব্যবস্থাপক কোম্পানি বা তার কোনো পরিচালক কোনো মিউচুয়াল ফান্ডের উদ্যোক্তা, ট্রাস্টি, হেফাজতকারী হতে পারবে না। এমনকি অন্য কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের পরিচালক বা সম্পর্কিত হতে পারবে না। কিন্তু আইনের সেই ধারা পরিপূর্ণভাবে লঙ্ঘন করেছে এল আর গ্লোবাল।
ঝুঁকি নিতে চান না এমন বিনিয়োগকারীরাই মিউচুয়াল ফান্ডে অর্থ খাটান। মূলত বিনিয়োগকারীদের পুঁজি একত্র করে বিভিন্ন শেয়ারে বিনিয়োগ করা হয়। আর এই কাজটিরই দায়িত্ব ছিল এল আর গ্লোবালের। অথচ তারাই কারসাজি করে অর্থ আত্মসাৎ করছে বলে অভিযোগ উঠল।
এই ঘটনাকে পুঁজিবাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা ‘শেয়ারবাজারে নতুন লুট’ বলে অভিহিত করেছেন। সিকিউরিটিজ আইন ও বিধিবিধান লঙ্ঘনের পাশাপাশি এই ধরনের ঘটনাকে ফৌজদারি অপরাধ বলেও মত দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলছেন, দেশের শেয়ারবাজারের ইতিহাসে এখন পর্যন্ত এ ধরনের ঘটনা ঘটেনি।
জানতে চাইলে অ্যাসেট অ্যান্ড ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেসের (এইমস) ব্যবস্থাপনা পরিচালক ইয়াওয়ার সায়ীদ প্রথম আলোকে বলেন, সম্পদ ব্যবস্থাপক কোম্পানি ও তার সংশ্লিষ্টদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নিজ ব্যবস্থাপনাধীন তহবিলের অর্থ বিনিয়োগ অত্যন্ত গর্হিত অপরাধ। এটা একধরনের লুট। ভারত ও পাকিস্তানে এ ধরনের অপরাধে সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠানের সনদ বাতিল, জড়িতদের জেল, জরিমানাও হয়েছে। এমনকি তাৎক্ষণিকভাবে সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত করে তহবিল ট্রাস্টি বা অন্য সম্পদ ব্যবস্থাপকের হাতে হস্তান্তরের নজিরও রয়েছে। বাংলাদেশেও জড়িতদের বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নেওয়া দরকার। নইলে পুরো খাতে এর বিরূপ প্রভাব পড়বে। মিউচুয়াল ফান্ড ও সম্পদ ব্যবস্থাপকদের ওপর কারোই কোনো আস্থা থাকবে না।
বিনিয়োগের নামে ফান্ডের অর্থ তছরুপের পাশাপাশি তহবিল ব্যবস্থাপনায় আরও গুরুতর অনিয়ম ও বেআইনি কর্মকাণ্ড ঘটিয়েছে এল আর গ্লোবাল। এসব অনিয়মের ঘটনায় এরই মধ্যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একাধিক অপরাধের বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে।
বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশের শেয়ারবাজারে এ ধরনের ঘটনার কথা আমি আগে কখনো শুনিনি। তদন্ত সাপেক্ষে এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তির বিধান করতে হবে। সিকিউরিটিজ আইনে যদি বিএসইসির ক্ষমতা থাকে, তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে ওই সম্পদ ব্যবস্থাপকের কার্যক্রম সাময়িক স্থগিত রেখে তাঁকে শাস্তির আওতায় আনা দরকার।’
এল আর গ্লোবালের অনিয়মের বিরুদ্ধে গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, এরই মধ্যে কমিশন বিষয়গুলো তদন্তে একটি কমিটি গঠন করেছে। কমিটি তাদের কাজ শুরু করেছে। তদন্তাধীন বিষয়ে এই মুহূর্তে বেশি কিছু আর বলার নেই।
অনুসন্ধান: গার্ডিয়ান হেলথকেয়ার নামে গরু-ছাগলের মোটাতাজাকরণ ওষুধ প্রস্তুত ও বাজারজাতকারী প্রতিষ্ঠানটি গঠিত হয় ২০১১ সালের ৯ মে। রাজধানীর লালমাটিয়া ডি ব্লকের একটি ভাড়া বাড়িতে এর কার্যালয়। গতকাল বুধবার সকালে সেখানে গিয়ে জানা গেল, কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক যথাক্রমে মাসুমা ইসলাম ও মাসুদ রানা। সম্পর্কে স্বামী-স্ত্রী। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে মাসুদ রানাকে এল আর গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্টের পরিচালক হিসেবে উল্লেখ করা হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, কোম্পানিটির অন্য পরিচালক ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ও এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান। এর বাইরে শেয়ারধারী হিসেবে গ্রিনডেল্টা, এআইবিএল ফার্স্ট ইসলামিক ও এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের নাম রয়েছে। উল্লিখিত সব কটি মিউচুয়াল ফান্ডই ব্যবস্থাপনা করে এল আর গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট। অর্থাৎ বিনিয়োগকারীদের মিউচুয়াল ফান্ডের টাকায় নতুন এই কোম্পানি গঠন করেছে এল আর গ্লোবাল ও তার পরিচালকেরা।
এ ছাড়া ২০১১ সালের ৭ ডিসেম্বরে প্রোপারটি ইনভেস্টরস, ২০১৩ সালের ২৬ আগস্ট থাইরোকেয়ার বাংলাদেশ ও একই বছরের ৯ সেপ্টেম্বর ট্রিবিকা ম্যানেজমেন্ট নামের কোম্পানি তিনটি প্রতিষ্ঠিত হয়। এই তিন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন কায়েস খলিল খান নামের এক ব্যক্তি। কোম্পানির নিবন্ধন-সংক্রান্ত তথ্যে এই ব্যক্তির ঠিকানা গুলশান-২-এর আই কে টাওয়ারের পঞ্চমতলায় অবস্থিত এল আর গ্লোবালের কার্যালয়টিই ব্যবহার করা হয়েছে। এর বাইরে এসব কোম্পানির সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে এল আর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট, সাফ ইনকরপোরেশন, ফাইয়াজ কাজল, সোহেল হুমায়ূন। এর মধ্যে সাফ ইনকরপোরেশনের ঠিকানা দেখানো হয়েছে বিআরসি কনকর্ড টাওয়ার। সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, অখ্যাত এসব কোম্পানির সঙ্গে এল আর গ্লোবাল ও তার শীর্ষ নির্বাহীরা জড়িত।
থাইরোকেয়ারের ওয়েবসাইটে প্রকাশিত রাজধানীর শাহজাদপুরের কনফিডেন্স সেন্টারের ঠিকানায় গিয়ে জানা গেল, ভবনটির ১৩ তলায় একটি ডায়াগনস্টিক সেন্টার এটি। কোথাও কোনো সাইনবোর্ড নেই। অখ্যাত এক প্রতিষ্ঠান। তেমন কোনো রোগীর যাতায়াত সেখানে নেই। এটির কার্যক্রম সম্পর্কে ওই ভবনের অন্যদেরও তেমন কোনো ধারণা নেই।
এল আর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট বিএসইসির সনদধারী একটি সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান। এটির কাজ হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের টাকায় মিউচুয়াল ফান্ড গঠন ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে মুনাফা করা। পরবর্তী সময়ে সেই মুনাফা ফান্ডের উদ্যোক্তা ও ইউনিটধারীদের মধ্যে বিতরণ করার বাধ্যবাধকতা রয়েছে। আর সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান নিজের আয় হিসেবে পায় নিয়ন্ত্রক সংস্থার বেঁধে দেওয়া হারে তহবিল ব্যবস্থাপনা মাশুল। সেই মাশুল আয় থেকে প্রতিষ্ঠানের নিজস্ব খরচ বহন করতে হয়। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (মিউচুয়াল ফান্ড) বিধিমালা অনুযায়ী সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠানের নিজস্ব খরচের কোনো অর্থ তহবিল থেকে গ্রহণের কোনো বিধান নেই। কিন্তু নিজেদের অফিস ও কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতার টাকাও তহবিল থেকে নিয়েছে এল আর গ্লোবাল।
এর বাইরে নানা অনিয়মের মাধ্যমে এল আর গ্লোবাল বিনিয়োগকারীদের বিপুল পরিমাণ অর্থ ঝুঁকিতে ফেলেছে। অবৈধভাবে প্রতিষ্ঠানটি ইউনিটধারীদের টাকা নিজেদের স্বার্থসংশ্লিষ্ট অলাভজনক প্রতিষ্ঠানে বিনিয়োগ ছাড়াও নিয়ম ভেঙে প্রতিষ্ঠানটি এক ফান্ড বা তহবিলের টাকা অন্য তহবিলে বিনিয়োগ, তহবিলের নামে একাধিক ব্যাংক হিসাব খোলা ও ঘন ঘন অর্থ স্থানান্তর, পুঁজিবাজার থেকে অর্থবাজারে বিনিয়োগ স্থানান্তরেরও ঘটনা ঘটিয়েছে।
এল আর গ্লোবালের ব্যবস্থাপনাধীন ফান্ডগুলো হলো ১২০ কোটি টাকার ডিবিএইচ প্রথম মিউচুয়াল ফান্ড, ১৫০ কোটি টাকার গ্রিনডেল্টা মিউচুয়াল ফান্ড, ১০০ কোটি টাকা করে ২০০ কোটি টাকার এআইবিএল প্রথম ও এমবিএল প্রথম মিউচুয়াল ফান্ড, ৩১১ কোটি টাকার এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড ওয়ান এবং ১০৮ কোটি ৫০ লাখ টাকার এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান। সব মিলিয়ে তহবিলের মোট আকার প্রায় ৮৯০ কোটি টাকা। এসব ফান্ডের টাকায় নতুন দুটি ফান্ড গঠনের উদ্যোগ নেয় এল আর গ্লোবাল। যদিও বিএসইসির অনুসন্ধানে প্রতিষ্ঠানটির নানা অনিয়ম বেরিয়ে আসায় কমিশন এলআরজিবি নামে একটি ইউনিট ফান্ড গঠনের আবেদন বাতিল করে দেয়।
এ বিষয়ে কথা বলার জন্য এল আর গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজ ইসলামের সঙ্গে ফোনে ও এসএমএসের মাধ্যমে যোগাযোগ করা হয়। প্রথমে তিনি ফোন ধরেননি। পরে ফিরতি ফোনে যোগাযোগ করেন আদেল আহমেদ নামে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা। তিনি নিজেকে এল আর গ্লোবালের সিনিয়র অপারেটিং পার্টনার হিসেবে পরিচয় দেন এবং এল আর গ্লোবালের বিষয়ে কোনো কথা থাকলে তাঁর সঙ্গে তা বলতে বলেন। প্রতিষ্ঠানের পক্ষে দায়িত্ব নিয়েই তিনি কথা বলছেন বলেও জানান। পরে সুনির্দিষ্টভাবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযোগের বিষয়ে তাঁর কোনো বক্তব্য নেই বলে জানান।
একাধিক ব্যাংক হিসাব ও ঘন ঘন অর্থ স্থানান্তর: এল আর গ্লোবাল তার ব্যবস্থাপনাধীন একাধিক ফান্ডের নামে বিভিন্ন ব্যাংকে হিসাব খোলে। অধিক সুদ পাওয়ার উদ্দেশ্য দেখিয়ে এসব ব্যাংক হিসাব খোলা হলেও বেশির ভাগ সঞ্চয়ী হিসাবের মেয়াদ পূর্তির আগেই অর্থ অন্য ব্যাংকে স্থানান্তর করা হয়। মেয়াদ পূর্তির আগে অর্থ স্থানান্তরের ফলে সুদ বাবদ কোনো আয় তহবিলে যোগ হয়নি। এ ছাড়া এল আর গ্লোবাল ব্যাংক হিসাবের সংখ্যা ও ব্যাংক স্থিতির যে তথ্য দিয়েছে, তাতেও বড় ধরনের গরমিল পেয়েছে বিএসইসি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ডিবিএইচ মিউচুয়াল ফান্ডের নামে ২০১৩ সালের ৩ অক্টোবর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত বেসরকারি তিনটি ব্যাংক হিসাবে বিপুল অর্থ স্থানান্তরের ঘটনা ঘটে। এল আর গ্লোবাল ফান্ডের নামে ব্যাংক হিসাব খুলে তাতে সন্দেহজনক লেনদেনের ঘটনা খতিয়ে দেখতে বিএসইসি গঠন করেছে দুই সদস্যের তদন্ত কমিটি।