শৈলকুপায় তিন শিশুকে পুড়িয়ে হত্যা?
ঝিনাইদহের শৈলকুপার কবিরপুর মসজিদপাড়ায় গতকাল রোববার সন্ধ্যায় তিন শিশুকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে ইকবাল হোসেন নামের এক ব্যক্তি নিজের ভাই ও বোনের তিন শিশুসন্তানকে পুড়িয়ে মেরেছেন বলে অভিযোগ করেছেন প্রতিবেশীরা।
নিহত শিশুরা হলো আমিন হোসেন (৭), সিবলু হোসেন (৯) ও মাহিম হোসেন (১৩)। এর মধ্যে আমিন ও সিবলু ইকবালের বড় ভাই দেলোয়ার হোসেনের ছেলে। আর মাহিম তাঁর বোন জেসমিন খাতুনের ছেলে। আমিন হোসেন শিশু শ্রেণি, সিবলু হোসেন তৃতীয় শ্রেণি এবং মাহিম হোসেন সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় ইকবালকে ধরে পুলিশে দিয়েছে প্রতিবেশীরা। ইকবাল, দেলোয়ার ও জেসমিন—তিন ভাইবোনের বাড়ি পাশাপাশি।
এক প্রতিবেশী প্রথম আলোকে বলেন, ইকবাল হোসেন সিঙ্গাপুরে ছিলেন। সেখান থেকে তিনি বাড়িতে টাকা পাঠাতেন। সেই টাকা ফেরত চাওয়া নিয়ে বড় ভাই দোলোয়ারের সঙ্গে তাঁর বিরোধ দেখা দেয়। এরই জের ধরে তিনি তিন শিশুকে পুড়িয়ে মেরেছেন বলে তাঁদের ধারণা।
অন্য এক প্রতিবেশী বলেন, গতকাল সন্ধ্যায় ইকবাল হোসেন কৌশলে এই তিন শিশুকে নিজের ঘরে ডেকে নেন। এ সময় ইকবালের স্ত্রী বাড়িতে ছিলেন না। শিশু তিনটিকে ঘরে ঢুকিয়ে দিয়েই তাদের মারধর শুরু করেন ইকবাল। একপর্যায়ে তিনি ঘরে থাকা গ্যাস সিলিন্ডারের মুখ খুলে দিয়ে আগুন জ্বেলে দেন। মুহূর্তের মধ্যে শিশুদের শরীরে আগুন লেগে যায়।
স্থানীয় লোকজনের অভিযোগ, এ সময় ইকবাল বাইরে থেকে ঘরের দরজা তালাবদ্ধ করে দেন। চিৎকার শুনে মাহিমের মা জেসমিন খাতুন ছুটে এসে শিশুদের উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। এ সময় তিনি আহত হন। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা স্থানীয় লোকজনের সহায়তায় ঘরের মধ্যে থাকা তিন শিশুকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে।
আমিন হোসেন ও সিবলু হোসেনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পর রাত নয়টার দিকে মাহিম মারা যায়। মাহিমের মা জেসমিন খাতুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মাহিমের বাবার নাম রাশেদ আলী।
শৈলকুপা থানার উপপরিদর্শক (এসআই) ইমদাদ হোসেন বলেন, পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেশীরা ইকবাল হোসেনকে ধরে পুলিশে দেন। তাঁদের ভাষ্য, তিনি ঘরে আগুন দিয়ে পালিয়ে যাচ্ছিলেন। এসআই ইমদাদ বলেন, ঘটনার কারণ কী, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আটক ইকবাল হোসেন এখনো সঠিক করে কিছু বলেননি। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে।