শৈলকুপায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আছালত শেখ (৬৮) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার মির্জাপুর ইউনিয়নের হুদা-মাইলমারি গ্রামে গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। আছালত শেখের বাড়ি ওই গ্রামে। এ ঘটনায় প্রতিবেশী সাদ্দাম হোসেনকে (৩০) আটক করেছে পুলিশ।
এলাকাবাসীর বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বাবুল হোসেন বলেন, আছালত শেখ বাড়ি থেকে খেতে গিয়েছিলেন। বাড়িতে ফেরার পথে বিকেল চারটার দিকে দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন উদ্ধার করে বাড়িতে আনার পথে তিনি মারা যান।
খবর পেয়ে ঘটনাস্থলে যান শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম। গতকাল রাত আটটার দিকে তিনি বলেন, মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রতিবেশী সাদ্দাম হোসেনকে আটক করা হয়েছে। বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবেশীদের সঙ্গে আছালত শেখের বিরোধ ছিল। এ ব্যাপারে মামলা করার প্রক্রিয়া চলছে।