শোক দিবসের আলোচনাতেও ছাত্রলীগের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জে জাতীয় শোক দিবসের আলোচনা সভা চলাকালে আজ সোমবার ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মী আহত হন।

স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সন্ধ্যার দিকে শহরের জননী বাস টার্মিনালে উপজেলা ও পৌর আওয়ামী লীগ জাতীয় শোক দিবসের আলোচনা সভার আয়োজন করে। এ সময় সভাস্থলের বাইরে কথা-কাটাকাটির জের ধরে উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ও সাধারণ সম্পাদক মেহেদি হাসানের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়।

জানতে চাইলে রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান বলেন, নিজেদের মধ্যে ভুল–বোঝাবুঝির কারণে এমনটি ঘটেছে।
একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সাধারণ সম্পাদক মেহেদি হাসান ফোন ধরেননি।

এ ব্যাপারে রামগঞ্জ থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া সাংবাদিকদের বলেন, সভাস্থলে ও এর আশপাশে আগে থেকে পুলিশ মোতায়েন ছিল। তাই সংঘর্ষ হলেও পুলিশ তাৎক্ষণিকভাবে তা নিয়ন্ত্রণ করে। ফলে বড় আকারের কোনো সংঘর্ষের সৃষ্টি হতে পারেনি।

২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকেই ছাত্রলীগে অন্তঃকোন্দল ও সংঘর্ষ বেড়ে যায় শিক্ষাপ্রতিষ্ঠানসহ দেশের বিভিন্ন স্থানে। ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে গত সাড়ে সাত বছরে প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন ঘেঁটে দেখা গেছে, ওই বছর থেকে ১ আগস্ট পর্যন্ত ছাত্রলীগের সঙ্গে প্রতিপক্ষ বা নিজেদের মধ্যে প্রায় ৫০০ সংঘর্ষের ঘটনা ঘটে। এসব সংঘর্ষে মোট ৭১ জন মারা যান। এর মধ্যে ৫৫ জনই নিহত হন নিজেদের কোন্দলে।