শোকে কাতর স্বজনেরা গ্রেপ্তার আতঙ্কে!

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফৌজদারহাট-বন্দর সড়কে ট্রাক দুর্ঘটনায় নিহত স্কুলছাত্র তারেকের দুই চাচাকে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি করা হয়েছে। শোকে কাতর ওই পরিবারের সদস্যরা এখন গ্রেপ্তার আতঙ্কে ভুগছেন। তবে পুলিশের দাবি অন্যদের সঙ্গে ওই দুজন পুলিশের ওপর হামলা চালিয়েছিল।
গত মঙ্গলবার সকালে সীতাকুণ্ডের ফৌজদারহাট-বন্দর সড়কে বেপরোয়া গতিতে আসা ট্রাকের চাপায় তারেক নিহত হওয়ার পর স্থানীয় বাসিন্দা ও দোকানিরা মিলে পুলিশের ওপর হামলা চালায়। এ ঘটনায় ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ট্রাফিক উপপরিদর্শক নজরুল ইসলাম বাদী হয়ে ৬৯ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় নিহত তারেকের চাচা মো. সাইফুল ও আবুল হাশেমকে আসামি করা হয়।
গতকাল সকালে মুঠোফোনে আবুল হাশেম প্রথম আলোর কাছে দাবি করেন, তারেকের দুর্ঘটনার সময় তিনি একটি জাহাজভাঙা কারখানায় কাজ করছিলেন। খবর পেয়ে ছুটি নিয়ে দ্রুত হাসপাতালে চলে যান। পুলিশের ওপর হামলা হয়েছে কিনা তা বিকেল পর্যন্তও তিনি জানতেন না।
তারেকের অপর চাচা সাইফুলের দাবি, তিনি ভাড়ায় চালিত কারের চালক। ঘটনার সময় তিনি কুমিরায় ভাড়া নিয়ে গিয়েছিলেন। খবর পেয়ে তিনি দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান।
তিনি আরও বলেন, ‘ভাইয়ের ছেলেকেও হারালাম আবার মামলার আসামিও হলাম। এখন পুলিশের গ্রেপ্তার করার আতঙ্কে আছি আমরা। আজ কুলখানির কথা রয়েছে। কী করব বুঝতে পারছি না। আত্মীয়-স্বজনেরা বলেছেন, বাড়িতে না থাকতে।’
জানতে চাইলে মামলার বাদী টিএসআই নজরুল ইসলামের দাবি, ওই সময় আবুল হাশেম টিএসআই মনিরকে লাঠি দিয়ে মেরেছেন। সাইফুল তাঁকে লাথি মেরেছেন। এখানে নিরীহ কাউকে আসামি করা হয়নি বলে তাঁর দাবি।
সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান বলেন, যে পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী মামলার আসামি করা হয়েছে। তবুও তদন্ত কর্মকর্তা তদন্ত করে বিষয়টি দেখবেন।
ট্রাকের ধাক্কায় নিহত হয় ওই এলাকার বাসিন্দা আকবর হোসেনের স্কুলপড়ুয়া ছেলে মো. তারেক। উত্তেজিত জনতা চাঁদাবাজির অভিযোগ তুলে পুলিশের ওপর চড়াও হয়। এতে দুই পুলিশ সদস্য আহত হন।