শোলাকিয়ায় পুকুর থেকে অস্ত্র উদ্ধার
কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলাস্থলের পাশের পরিত্যক্ত একটি পুকুর থেকে র্যাব দুটি চাইনিজ কুড়াল ও একটি চাপাতি উদ্ধার করেছে। র্যাব বলছে, সন্দেহভাজন আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করা হয়েছে।
র্যাব-১৪-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) রাজীব কুমার দেব বলেন, ‘আমার ধারণা করছি ওগুলো সন্ত্রাসীদের ফেলে যাওয়া অস্ত্র।’
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক হামলাস্থল পরিদর্শন করেন। পরে তিনি নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত গৃহবধূ ঝর্ণা রানী ভৌমিকের বাসায় যান। তাঁর স্বজনদের সান্ত্বনা জানান। এ সময় ঝর্ণা রানী ভৌমিকের স্বামী, দুই পুত্রসহ স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। প্রতিমন্ত্রী নিহত ঝর্ণার পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সাংসদ সোহরাব উদ্দিন আহমেদ, কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ রেজোয়ান আহাম্মেদ তৌফিক এবং কিশোরগঞ্জ-৫ আসনের সাংসদ মো. আফজাল হোসেন।
প্রতিমন্ত্রী উপস্থিত গণমাধ্যমকর্মীদের বলেন, ‘হামলার ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক, অমানবিক ও ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা আগামীতে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে জঙ্গিবাদকে মোকাবিলা করব। আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছি। কোনো রকম জঙ্গি তৎপরতা আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। এ ব্যাপারে সরকার দৃঢ় অবস্থানে আছে এবং আমরা ঐক্যবদ্ধ আছি।’
এদিকে হামলায় নিহত পুলিশের দুই সদস্যের জানাজা গতকাল রাতে জেলার পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত হয়েছে। এরপর পুলিশের নিহত সদস্য আনসারউল্লাহকে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ভাটিপাড়া গ্রামে এবং জহিরুল হককে নেত্রকোনার মদন উপজেলার দৌলতপুর গ্রামে নিজ নিজ বাড়িতে দাফন করা হয়। আর ময়নাতদন্ত শেষে ঝর্ণা রানীর মরদেহ আজ শুক্রবার ভোররাতে দাহ করা হয়।
শোলাকিয়ায় এখনো থমথমে অবস্থা। ঘটনাস্থল আজিমউদ্দীন স্কুলের আশপাশে লোকজনের চলাচল কম। বিভিন্ন স্থানে পুলিশ ও র্যাব টহল দিচ্ছে।