শৌচাগার সংস্কারের টাকা আত্মসাৎ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জে ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগার সংস্কারকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। বেশির ভাগ প্রতিষ্ঠানের প্রধান ও পরিচালনা কমিটি কাজ না করে টাকা আত্মসাৎ করেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের মে মাসে উপজেলার ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগার সংস্কারের জন্য প্রতিটিতে ১৫ হাজার করে মোট দুই লাখ ৮৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। জুন মাসে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা।
অভিযোগ রয়েছে, বেশির ভাগ বিদ্যালয়ের কাজ এখন পর্যন্ত করা হয়নি। আবার কোনো বিদ্যালয়ে নামমাত্র কাজ করে ভুয়া ভাউচার জমা দিয়ে টাকা আত্মসাৎ করা হয়েছে।
সৈয়দপুর ছপুরউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আনিছার রহমান অভিযোগ করেন, বিদ্যালয়ের শৌচাগার সংস্কার করা হয়নি। ভুয়া ভাউচার জমা দিয়ে প্রধান শিক্ষক টাকা উত্তোলন করেছেন।
প্রধান শিক্ষক ইদ্রিস আলী বলেন, নানা ঝামেলার কারণে কাজ করা হয়নি। এখন কাজ করা হবে।
গতকাল শনিবার উত্তর হাজিপুর জুম্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেলে কয়েকজন অভিভাবক ও শিক্ষার্থী অভিযোগ করেন, এই বিদ্যালয়ে শৌচাগার সংস্কারের কোনো কাজ হয়নি। ভুয়া ভাউচার জমা দিয়ে শৌচাগার সংস্কারের টাকা উত্তোলন করা হয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুমি আক্তার দাবি করেন, টাকা তুলতে কিছু খরচ হয়েছে। বাকি টাকা দিয়ে শৌচাগারের ওপরে ও নিচে কাজ করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এলাকার চার-পাঁচজন অভিযোগ করেন, নামমাত্র কাজ করে পশ্চিম কাচনা খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামের বরাদ্দ করা টাকা আত্মসাৎ করা হয়েছে।
তবে প্রধান শিক্ষক আবদুল হামিদ দাবি করেন, তিনি টাকা দিয়ে রিং-স্লাব কিনে মাটির নিচে শৌচাগারের ট্যাংক তৈরি করেছেন।
এ ছাড়া কাটাবাড়ীর ডাংগা, উজিয়াল ডাক্তারপাড়া, বাছুরবান্ধা, নেকিরহাট, কোরানীপাড়া ও হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চার-পাঁচ হাজার টাকার কাজ করে বাকি টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। এসব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকেরা দাবি করেন, শৌচাগার সংস্কারের টাকা দিয়ে তাঁরা বিদ্যালয়ের অন্য কাজও করেছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম মুঠোফোনে বলেন, উপজেলা প্রকৌশলীর দপ্তর থেকে প্রত্যয়নপত্র দেওয়ার পর শৌচাগার সংস্কারের টাকা ছাড় করা হয়েছে।
উপজেলা প্রকৌশলী আহম্মেদ হায়দার জামান বলেন, ‘মূলত আগের উপজেলা প্রকৌশলীর আমলে এ কাজ করা হয়েছে। আপনি যেহেতু বিষয়টা আমাকে জানালেন, তাই আমি একটু খোঁজ নিয়ে দেখব।’