শৌচাগারগুলো নোংরা, অস্বাস্থ্যকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়​র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচের সড়কদ্বীপে স্থাপন করা হয়েছে টয়লেট। টয়লেটের দরজা হিসেবে ব্যবহার করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইনবোর্ড l প্রথম আলো
মেয়​র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচের সড়কদ্বীপে স্থাপন করা হয়েছে টয়লেট। টয়লেটের দরজা হিসেবে ব্যবহার করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইনবোর্ড l প্রথম আলো

রাজধানীতে থাকা ভ্রাম্যমাণ শৌচাগারগুলো সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে অস্বাস্থ্যকর হয়ে পড়েছে। ফলে প্রয়োজন হলেও এসব শৌচাগার ব্যবহারে তেমন আগ্রহ নেই পথচারীদের।
ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় থাকা ভ্রাম্যমাণ শৌচাগারগুলো সরেজমিনে দেখা যায়, এগুলোতে নেই পানির সংযোগ। প্লাস্টিকের ড্রামে করে অথবা বালতিতে রাখা হচ্ছে পানি। কোনো কোনো স্থানে পানিও নেই। ভেতরের পরিবেশ অস্বাস্থ্যকর, অপরিষ্কার। ঠিকমতো পানি ঢালা হচ্ছে না। নেই সাবান কিংবা হাত পরিষ্কারের সামগ্রী। টিস্যু রাখার জন্য নির্ধারিত স্থান থাকলেও নয়টি স্থানের শৌচাগারের কোথাও টিস্যু পাওয়া গেল না। অনেক স্থানে পানি ঢালার পাত্রও ফুটো কিংবা ভাঙা।
শাঁখারীবাজারের প্রবেশপথে জেলা দায়রা জজকোর্টের পাশের ভ্রাম্যমাণ শৌচাগারে উঁকি দিয়ে আঁতকে উঠে ফিরে এলেন মাহফুজুর রহমান। চোখেমুখে তাঁর বমি বমি ভাব। বের হয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন।

মাহফুজুরের কাছে জানতে চাইলে তিনি বলেন, ভেতরটা অপরিষ্কার। পানি ঢালা হয়নি ঠিকমতো। তিনি আরও বলেন, অনেক মানুষ ব্যবহার করেন এই শৌচাগারগুলো। ‍কিন্তু সেভাবে পরিষ্কার করা হয় না।

ভ্রাম্যমাণ শৌচাগারটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আজিজুর রহমান বলেন, ‘সাবান রাখলেও থাকে না। টোকাই এসে নিয়ে যায়। আর অনেক মানুষ
ভেতরে যায়। কে কখন ময়লা করে, সেটা সব সময় খেয়াল রাখমু কেমনে।’

ওয়াটার এইডের আর্থিক সহায়তায় ২০১১ সালের নভেম্বরে অ্যাসোসিয়েশন ফর রিয়েলাইজেশন অব বেসিক নিডস (আরবান) নামে সাড়ে চার বছর মেয়াদি এ প্রকল্প চালু হয়। তখন প্রকল্পের আওতায় ৪৬টি ভ্রাম্যমাণ শৌচাগার তৈরি করা হয়। বর্তমানে এর সংখ্যা ৫৩, যার ৩৪টি দুই সিটি করপোরেশনের ১৯টি স্থানে স্থাপন করা হয়েছে। বাকিগুলো ব্যবহৃত হয় বিভিন্ন অনুষ্ঠানের জন্য। বর্তমানে রাজধানীর বিভিন্ন এলাকায় থাকা এসব শৌচাগারের বেশির ভাগই বেহাল।

রাজধানীতে স্বাস্থ্যকর শৌচাগার ব্যবহারের সুবিধা থেকে বঞ্চিত লাখ খানেক মানুষ। তাদের অনেকেই খোলা স্থানে কিংবা সড়কের পাশে মলমূত্র ত্যাগ করে। রাজধানীতে প্রতিদিন চলাচলকারী জনগণের ব্যবহারের উপযোগী গণশৌচাগারের সংখ্যাও বেশি নেই। যা আছে, এর অধিকাংশই খারাপ।

ওয়াটার এইডের আরবান প্রকল্পের কো-অর্ডিনেটর শহীদুল্লাহ মজুমদার প্রথম আলোকে বলেন, ‘রাজধানীতে প্রতিদিন ঘরের বাইরে চলাচলরত মানুষের জন্য ঘরের বাইরেও স্বাস্থ্যসম্মত শৌচাগারের প্রয়োজন। সেই লক্ষ্যে প্রকল্পটি পরিচালনা করেছি। প্রকল্পটি বাস্তবায়নের জন্য সামনে অনেক বাধা আছে। শৌচাগারের জন্য ভালো স্থান, পানিব্যবস্থা এবং একজন রক্ষণাবেক্ষণকারী প্রয়োজন। কিন্তু এত সব সমস্যার পরও জনসাধারণ এর সুফল ভোগ করছে।’ অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশ সম্পর্কে তিনি বলেন, ‘নির্মাণের পর একজন ব্যক্তির হাতে শৌচাগারটি হস্তান্তর করে দিই। এরপর দায়িত্ব তাঁর।’