শৌচাগারে অজু করতে যাওয়ায় সাময়িক বরখাস্ত!
অজুর জন্য রেস্টহাউসের শৌচাগার ব্যবহারের অপরাধে বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের স্টেশনমাস্টার রেজাউল করিম ও ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মতিয়ুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রেলওয়ের পশ্চিম অঞ্চল জোনের মহাব্যবস্থাপক এই বরখাস্ত আদেশ দিয়েছেন বলে সান্তাহার স্টেশনমাস্টার সূত্রে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার।
রেজাউল করিম বলেন, রেলওয়ের পশ্চিম অঞ্চল জোনের মহাব্যবস্থাপক খায়রুল আলম শুক্রবার দুপুরে রাজশাহী থেকে সড়কপথে সান্তাহার স্টেশনে আসবেন বলে জানানো হয়। দুপুর সাড়ে ১২টা নাগাদ মহাব্যবস্থাপক সান্তাহারে এসে রেস্টহাউসে যান। তিনি পৌঁছার আগে ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মতিয়ুর রহমান রেস্টহাউসের শৌচাগারে অজু করতে ঢোকেন। মতিয়ুর রহমানকে শৌচাগার থেকে বের হতে দেখে মহাব্যবস্থাপক তাঁর পরিচয় এবং রেস্টহাউসের শৌচাগার ব্যবহারের কারণ জানতে চান। পরে মহাব্যবস্থাপক স্টেশনমাস্টার রেজাউলকে ডেকে পাঠিয়ে ব্যবস্থাপনায় তাঁর অদক্ষতার জন্য ভর্ৎসনা করেন। এরপর তিনি নীলসাগর ট্রেনে করে গন্তব্যে রওনা হন। তিনি চলে যাওয়ার পর রেলওয়ের কন্ট্রোল রুম থেকে স্টেশনমাস্টার ও ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলীকে তারবার্তায় সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়।
প্রকৌশলী মতিয়ুর বলেন, রেস্টহাউস দেখভালের দায়িত্ব তাঁর। মহাব্যবস্থাপক আসার আগে থেকেই সেখানে অবস্থান করছিলেন তিনি। পরে জুমার নামাজের জন্য রেস্টহাউসের শৌচাগারে অজু করতে যান। এই অপরাধে তাঁকে ও স্টেশনমাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়।
এ বিষয়ে কথা বলতে গতকাল রোববার মহাব্যবস্থাপক খায়রুলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
সান্তাহার রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান বিনা অপরাধে এ ধরনের বরখাস্তকে ক্ষমতার অপব্যবহার উল্লেখ করে অবিলম্বে বহিষ্কার আদেশ প্রত্যাহারের অনুরোধ জানান।