শৌচাগারের ট্যাংকি থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের ওমরপুর গ্রামের একটি শৌচাগারের ট্যাংকির ভেতর থেকে সৈয়দ আহমেদ ওরফে মিন্টু (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার সকালে সৈয়দ আহমেদ দেলিয়াই বাজারে যাওয়ার উদ্দেশে ওমরপুর গ্রামের বাড়ি থেকে সাইকেলযোগে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। রাতে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর কোনো সন্ধান পাননি। গত রোববার এ ঘটনায় থানায় জিডি করা হয়।
স্থানীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার দুপুরে সৈয়দ আহমদের বাড়ির অল্প দূরে রাস্তার পাশের একটি গণশৌচাগারের ট্যাংকিতে একটি লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে পরিবারের সদস্যরা লাশটি সৈয়দ আহমদের বলে শনাক্ত করেন।
চাটখিল থানার ওসি মো. নাছিম উদ্দিন বলেন, দুর্বৃত্তরা সৈয়দ আহমদকে হত্যা করে লাশটি ওই শৌচাগারের ট্যাংকিতে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।