শ্বশুরবাড়িতে জামাই খুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে আশরাফুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তি খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার সকালে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে তাঁর শ্বশুর-শাশুড়িসহ অন্যরা পলাতক।

গোবিন্দগঞ্জ থানার পুলিশ জানায়, আশরাফুল গোবিন্দগঞ্জের রাখালবুরুজ ইউনিয়নের গাজীপাড়া গ্রামের বাসিন্দা। ছয় বছর আগে মহিমাগঞ্জ ইউনিয়নের তালপট্টি গ্রামের এক নারীর সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের একটি ছেলেসন্তান আছে। বিয়ের পর থেকে দাম্পত্য কলহের কারণে তাঁর স্ত্রী তিন মাস আগে পালিয়ে ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি নেন। এদিকে আশরাফুল তাঁর স্ত্রীকে ফেরানোর যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। তিন দিন আগে শ্বশুরবাড়ির লোকজন আশরাফুলকে তালপট্টি গ্রামে তাঁদের বাড়িতে ডেকে নিয়ে যান। আজ সকালে স্থানীয় লোকজন আশরাফুলের লাশ পার্শ্ববর্তী বালুয়া গ্রামের একটি গাছের সঙ্গে ঝুলতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকে আশরাফুলের শ্বশুর-শাশুড়িসহ পরিবারের লোকজন পলাতক।
আশরাফুলের বাবা মনতাজ উদ্দিন অভিযোগ করেন, ‘শ্বশুরবাড়ির লোকজন আশরাফুলকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি ছেলে হত্যার বিচার চাই।’
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, নিহত আশরাফুলের শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। তাঁর মুখ দিয়ে রক্ত ঝরছিল। ধারণা করা হচ্ছে, মারধর করে তাঁকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। পলাতক ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।