শ্বশুর, শাশুড়ি ও শ্যালিকাকে হত্যাচেষ্টার অভিযোগ
রাজশাহীর বাগমারায় এনামুল হক নামের এক ব্যক্তির বিরুদ্ধে বিষাক্ত দ্রব্য খাইয়ে শ্বশুর, শাশুড়ি ও শ্যালিকাকে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকালে শাশুড়ি ও শ্যালিকাকে অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শ্বশুরও সেখানে চিকিৎসা নিয়েছেন। তবে বর্তমানে তিনজনই শঙ্কামুক্ত। জামাই এনামুল পলাতক।
অসুস্থ হয়ে পড়া তিনজন হলেন উপজেলার লাউপাড়া গ্রামের মোসলেম আলী (৫৩), তাঁর স্ত্রী ময়না বেগম (৪৫) এবং মেয়ে নাছরিন আক্তার (১৪)। শ্বশুর মোসলেম আলীর দুই মেয়ে। বড় মেয়ের স্বামী এনামুল একই গ্রামের পৃথক পাড়ায় স্ত্রীকে নিয়ে বসবাস করেন।
ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে এনামুল শ্বশুরবাড়িতে আসেন। এ সময় তিনি শ্বশুরের পরিবারের সদস্যদের তীব্র গরমে এ সময় সুস্থ থাকার জন্য স্যালাইন খেতে তাগাদা দেন। তারপর নিজেই ওষুধের দোকান থেকে কয়েক প্যাকেট খাবার স্যালাইন এনে পানিতে মিশিয়ে শ্বশুর, শাশুড়ি ও শ্যালিকাকে খাওয়ান।
হাসপাতালে চিকিৎসাধীন ময়না বেগম বলেন, স্যালাইন খাওয়ার কিছুক্ষণের মধ্যে তাঁদের প্রচণ্ড ঘুম পায়। একপর্যায়ে তাঁরা যাঁর যাঁর ঘরে ঘুমাতে যান। পরে জামাই কখন সটকে পড়েছে, তা আর বলতে পারেন না।
মোসলেম আলী বলেন, গভীর রাতে তাঁর চেতনা ফিরে আসে। সকালে প্রতিবেশীদের সাহায্যে অচেতন অবস্থায় স্ত্রী ও মেয়েকে হাসপাতালে ভর্তি করেন। নিজেও চিকিৎসা নেন। মোসলেম আলী আরও বলেন, জামাই কেন এ কাজ করল তা তিনি বুঝতে পারছেন না।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাসনাতুল রাব্বি জানান, ওই তিনজনকে বিষাক্ত কিছু খাওয়ানো হয়েছিল। তবে এখন তাঁরা শঙ্কামুক্ত।
বাগমারা থানার ওসি নাছিম আহম্মেদ বলেন, এ বিষয়ে কেউ থানায় কোনো অভিযোগ দেননি।
তবে অভিযুক্ত এনামুলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তা বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।