শ্বশুর-শাশুড়িকে কুপিয়ে হত্যা, স্ত্রী আহত
চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের কামরাঙ্গা গ্রামে শ্বশুর ও শাশুড়িকে হত্যা করেছে জামাই। স্ত্রীকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করা হয়েছে। আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ইকবাল হোসেন (৪৮) ও মমতাজ বেগম (৪৩)। আহত হন স্ত্রী শারমিন আক্তার (২২)।
পুলিশ ও এলাকাবাসীর ভাষ্য, পাঁচ বছর আগে ওই গ্রামের শারমিনের সঙ্গে বরিশালের সুমন শেখের বিয়ে হয়। বিয়ের পর থেকে সুমন বেকার ছিলেন। সুমন প্রায়ই স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন চালাতেন। তাঁদের তিন বছরের একটি মেয়ে রয়েছে। একপর্যায়ে শারমিন নিজের বাড়িতে চলে আসেন। স্বামীকে তালাক দেওয়ার প্রস্তুতি নেন। সুমন এতে রাজি ছিলেন না। গতকাল রোববার রাতে সুমন শ্বশুরবাড়িতে যান। তালাক দেওয়া নিয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সুমন ধারালো কিরিচ দিয়ে শ্বশুর, শাশুড়ি ও স্ত্রীকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই শ্বশুর মারা যান। আহত অবস্থায় শাশুড়িকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কুমিল্লায় নেওয়ার পথে তিনি নিহত হন।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আরিফুল হক বলেন, ময়নাতদন্তের জন্য নিহত দুজনের লাশ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।