শ্বশুরকে ফাঁসাতে গিয়ে ফাঁসলেন জামাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিছানার নিচে ইয়াবা বড়ি রেখে নিজের শ্বশুরকে পুলিশের হাতে ধরিয়ে দিতে গিয়ে ফেঁসে গেছেন রফিকুল ইসলাম (১৯) নামের এক যুবক। ঘটনাটি যে সাজানো, তা বুঝতে পেরে পুলিশ শ্বশুরের পরিবর্তে থানায় খবর দেওয়া জামাইকে আটক করে। পরে ইয়াবা বড়িসহ জামাইকে মাদক মামলার আসামি হিসেবে আদালতে চালান দেয় পুলিশ।

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের খামারগাঁও গ্রামের কনু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। আটক তরুণ রফিকুল গ্রামের দিনমজুর কনু মিয়ার মেয়েজামাই। গতকাল শনিবার রফিকুলকে আদালতে পাঠানো হয়।

খামারগাঁও গ্রামের ছয়জন বাসিন্দা বলেন, কনু মিয়া (৫০) পেশায় দিনমজুর ও সহজ-সরল মানুষ। তিন-চার মাস আগে মুশুলি ইউনিয়নের আগমুশুলি গ্রামের আবদুল কদ্দুছের ছেলে রফিকুল ইসলামের সঙ্গে তিনি মেয়ের বিয়ে দেন। রফিকুল পেশায় ইজিবাইক চালক।

নান্দাইল মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মামুন মিয়া বলেন, গত শুক্রবার বিকেলে রফিকুল থানায় এসে একজন ইয়াবা ব্যবসায়ীর সন্ধান দেন। পরে রফিকুল তাঁকে ইয়াবা ব্যবসায়ী ধরিয়ে দিতে খামারগাঁও গ্রামের কনু মিয়ার বাড়িতে নিয়ে যান। রফিকুলের দেওয়া তথ্য অনুযায়ী কনু মিয়ার বিছানার নিচ থেকে ১০টি ইয়াবা বড়ির একটি পুঁটলি উদ্ধার করেন। জিজ্ঞাসাবাদে পুলিশ বুঝতে পারে, কনু মিয়া ইয়াবা বড়ি কী, তা-ই জানেন না। উল্টো কনু মিয়া বলেন, তাঁর জামাইরা বাড়িতে আসে। এ বিষয়ে তারাই (জামাই) ভালো বলতে পারবে। পুলিশ জামাইদের পরিচয় জানতে চাইলে রফিকুলের নাম বলেন কনু মিয়া। তখন পুলিশ ঘটনাটি বুঝতে পেরে রফিকুলকে আটক করে।