বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় আড়াই বছর বয়সী শিশু মিজান হত্যারহস্যের জট খুলেছে। প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় শ্বশুরকে ফাঁসাতেই প্রতিবেশীর শিশুপুত্র মিজানকে অণ্ডকোষ চেপে ধরে ঠান্ডা মাথায় হত্যা করেছেন জামাই হাসান আলী। হত্যার পর শ্বশুরের ঘরেই লাশ লুকিয়ে রেখেছিলেন তিনি। গ্রেপ্তারের পর আদালতে এমন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন হাসান।
গতকাল বৃহস্পতিবার বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম এ টি এম তোফায়েল আহমেদের আদালতে এমনটা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি।
এর আগে গত বুধবার একই আদালতে শিশু মিজান হত্যাকাণ্ডে হাসান আলীর জড়িত থাকার ব্যাপারে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেন স্ত্রী রেবেকা বেগম ও শাশুড়ি আমেনা বেগম। মা-মেয়ের আদালতের স্বীকারোক্তির পর বুধবার দুপচাঁচিয়া থানার পুলিশ হাসানকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে।
জবানবন্দিতে হাসান আলী আদালতকে আরও জানিয়েছেন, ২০১৩ সালে দুপচাঁচিয়া উপজেলার পরানপুর গ্রামে আরেকজনকে ফাঁসাতে পাঁচ বছরের আরেক শিশু আরাফাতকে হত্যা করেছিলেন তিনি।
দুই শিশু হত্যাকাণ্ড সম্পর্কে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার সত্যতা নিশ্চিত করে বগুড়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) গাজিউর রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, স্বীকারোক্তির পর মা-মেয়ে ও জামাই তিনজনকেই কারাগারে পাঠানো হয়েছে।
বগুড়ার আদালত সূত্র এবং এএসপি গাজিউর রহমানের ভাষ্যমতে, দুপচাঁচিয়া উপজেলার পুরাঘাটা গ্রামের আবদুল মান্নানের আড়াই বছর বয়সী শিশুপুত্র মিজান সাকিদার ২৪ মে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। ২৫ মে রাতে পুলিশ ইন্দাজ আলী (৬০) নামে ভ্যানচালকের বাড়ির পাশ থেকে মিজানের লাশ উদ্ধার করে। শিশুটির বাবা আবদুল মান্নান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করলে পুলিশ ইন্দাজের স্ত্রী আমেনা বেগম এবং মেয়ে রেবেকা খাতুনকে আটক করলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা পুলিশকে জানান, ইন্দাজকে ফাঁসাতেই জামাই হাসান আলী প্রতিবেশীর ওই শিশুপুত্রকে হত্যা করেছেন। এরপর বুধবার মা-মেয়ে দুজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দিনই জামাই হাসান আলীকে গ্রেপ্তার করে পুলিশ।
এএসপি গাজিউর রহমান বলেন, হাসান আলী আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উল্লেখ করেছেন, প্রায় ছয় বছর আগে কিশোরী বয়সে রেবেকা বেগমকে প্রেম করে বিয়ে করেন। রেবেকার বাবা ইন্দাজ আলী অপ্রাপ্ত বয়সী মেয়ের বিবাহ মেনে নিতে না পেরে ওই সময় হাসানের বিরুদ্ধে একটি অপহরণের মামলা দেন। ওই মামলা এখনো আদালতে বিচারাধীন। তবে এরই মধ্যে রেবেকা বাবার বাড়িতে যাতায়াত শুরু করেন। কিন্তু জামাই হিসেবে এখনো মেনে না নেওয়ায় ইন্দাজ আলীর ওপর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠেন হাসান। ২৪ মে বাবার বাড়িতে অবস্থান করছিলেন রেবেকা। শ্বশুরের অনুপস্থিতিতে বিকেলে সেই বাড়িতে যান হাসান। বাড়ি ফাঁকা পেয়ে শিশু মিজানকে ঘরে ডেকে নিয়ে অণ্ডকোষে চাপ দিয়ে হত্যা করে দ্রুত শ্বশুর ইন্দাজের ঘরে লাশ লুকিয়ে রাখেন। বিষয়টি টের পান স্ত্রী রেবেকা। দ্রুত হাসানকে নিয়ে শ্বশুরবাড়ি চলে আসেন তিনি। রাতে মা আমেনা বেগমকে ফোন করে ঘরে লুকিয়ে রাখা লাশ সরিয়ে ফেলতে বলেন। মধ্যরাতে বাড়ির পাশে খেজুরগাছের নিচে লাশ ফেলে এলে পরদিন তা উদ্ধার হয়।
গাজিউর রহমান বলেন, স্বীকারোক্তিতে হাসান আলী আদালতকে আরও জানিয়েছেন, ২০১৩ সালে ২৪ জুলাই দুপচাঁচিয়া থানাধীন পরানপুর গ্রামের পাঁচ বছর বয়সী আরাফাত নামে অপর এক শিশুকে হত্যা করেছেন তিনি। ওই হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তিনি বলেছেন, জনৈক সাদ্দাম হোসেনের সঙ্গে বন্ধু বেলাল হোসেনের শ্যালিকার প্রেম ছিল। বেলাল এই প্রেমে বিরোধিতা করেন। এই নিয়ে সাদ্দামের সঙ্গে বেলালের বিরোধ বাধে। পরে সাদ্দাম অন্যত্র বিয়ে করলেও প্রতিশোধ নিতে তাঁকে ফাঁসানোর ফন্দি আঁটেন বেলাল। এরপর বেলাল, মজিদসহ তিন বন্ধু মিলে সাদ্দামকে ফাঁসাতে তাঁর শিশুবয়সী শ্যালক আরাফাতকে হত্যা করে লাশ সাদ্দামের বাড়ির পাশে ফেলে রাখেন।