শ্বশুরবাড়ি থেকে তরুণের লাশ উদ্ধার
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় শ্বশুরবাড়ি থেকে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার উপজেলার সদর ইউনিয়নের বাহাদুরপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম চান গাজী (২৫)। তিনি উপজেলার চানপুর ইউনিয়নের খন্তাখালী গ্রামের রূহুল আমিন গাজীর ছেলে। নিহত ব্যক্তির পরিবারের দাবি, চান গাজীকে হত্যা করা হয়েছে। আর শ্বশুরবাড়ির লোকদের দাবি, এটি আত্মহত্যা।
মেহেন্দিগঞ্জ থানার এসআই কামাল হোসেন জানান, গতকাল সকালে চান গাজীর বাবা রূহুল আমিন গাজীকে ফোনে জানানো হয়, তাঁর ছেলে আত্মহত্যা করেছেন। খবর শুনে তিনি পুলিশসহ ছেলের শ্বশুরবাড়িতে যান। সেখানে গিয়ে চান গাজীর লাশ মেঝেতে পড়ে থাকতে দেখেন।
চান গাজীর গলায় ফাঁসের চিহ্ন কিংবা জখমের কোনো চিহ্ন পাওয়া যায়নি। থানার ওসি উজ্জ্বল দে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।