শ্বশুরবাড়ি থেকে লাশ উদ্ধার হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুরে শ্বশুরবাড়ি থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার ঘোলাগাড়ী গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।
নিহত ব্যক্তির নাম আবদুস ছালাম (৪৮)। তাঁর বাড়ি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মোল্লা গ্রামে। তিনি ১০ বছর আগে আক্কেলপুর উপজেলার ঘোলাগ্রামের রোজিনাকে দ্বিতীয় বিয়ে করে শ্বশুরবাড়িতে থাকতেন বলে পুলিশ জানিয়েছে।
আবদুস ছালামের বড় ছেলে ছামছুল ইসলামের অভিযোগ, তাঁর বাবাকে পরিকল্পিতভাবে হত্যার পর আত্মহত্যা বলে চালাতে শয়নকক্ষের বাইরে রশিতে ঝুলিয়ে রাখা হয়।
গ্রামবাসী সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে ছোটখাটো বিষয়ে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। গতকাল সকালে বারান্দায় মরদেহ রশিতে ঝোলানো অবস্থায় দেখতে পায় বাড়ির লোকজন। খবর পেয়ে পুলিশ দুপুরে এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ছালামের স্ত্রী রোজিনার ভাষ্যমতে, তাঁরা স্বামী-স্ত্রী রাতে ঘুমাতে যান। ভোররাতে তাঁর স্বামী ঘুম থেকে উঠে শয়নঘরের দরজায় শিকল আটকিয়ে বাইরে যান। সকালে তাঁরা শয়নঘরের বারান্দায় তাঁর লাশ রশিতে ঝুলতে দেখেন।
রায়কালী ইউপি সদস্য বাচ্চু মিয়া জানান, আবদুস ছালাম দ্বিতীয় বিয়ে করে শ্বশুরবাড়িতেই বসবাস করছিলেন। তাঁর প্রথম পক্ষের স্ত্রী-সন্তান রয়েছে।
লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, ছালামের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে লাশের দুটি পা মাটিতে ঠেকে ছিল।