শ্বশুরবাড়ি যাওয়া হলো না রত্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন মাস আগে বিয়ে হয়েছিল তাঁর। আগামী মাসে শ্বশুরবাড়ি গিয়ে নতুন জীবন শুরু করার কথা। কিন্তু সেখানে যাওয়ার আগেই ডাকাতদের হামলায় অকালে প্রাণ হারালেন। ডাকাতেরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে।
গত শুক্রবার দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইসলামাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ গতকাল শনিবার চারজনকে আটক করেছে। ডাকাতদের হামলায় নিহত মেয়েটির নাম রত্না বেগম (২০)। তিনি ইসলামাবাদ গ্রামের ব্যবসায়ী উসমান মিয়ার মেয়ে এবং বিজয়নগর ইসলামপুর কাজী শফিকুর ইসলাম কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তিন মাস আগে একই গ্রামের প্রবাসী সাদ্দাম হোসেনের সঙ্গে মুঠোফোনে রত্নার বিয়ে হয়েছিল। ডিসেম্বর মাসে তাঁর শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল। ডাকাতদের হামলায় আরও তিনজন আহত হয়েছেন। এঁরা হলেন উসমান মিয়া (৪৫), তাঁর ছেলে রুহুল আমীন (১৮) ও ভাতিজা ইয়াছিন মিয়া (১৮)।
পুলিশ ও আহত ব্যক্তিরা জানান, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে ২৫-৩০ জন মুখোশধারী ডাকাত বসতবাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকে উসমান মিয়াকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তাঁর চিৎকার শুনে রত্না, রুহুল আমীন ও ইয়াছিন মিয়া এগিয়ে এলে ডাকাতেরা তাঁদেরও দা দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর জখম করে। তারা ওই বাড়ি থেকে সাড়ে তিন লাখ টাকা, ৩০ ভরি স্বর্ণালংকার ও কয়েকটি মুঠোফোন সেট লুটে নেয়।
রাত আড়াইটার দিকে ডাকাতেরা চলে যাওয়ার পর স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রত্না ও উসমানকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। রাত চারটার দিকে ঢাকায় নেওয়ার পথে সরাইল বিশ্বরোড মোড় এলাকায় রত্না মারা যান। জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
সরাইল থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হক প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।