শ্বশুরবাড়িতে জামাই খুন, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় শ্বশুরবাড়িতে গত মঙ্গলবার রাতে জামাই খুন হয়েছেন। নিহত জামাই রবিজুল ইসলাম (৩৮) নাটোরের সিংড়া উপজেলার কালীনগর গ্রামের কোরবান আলীর ছেলে। তিনি দুপচাঁচিয়ার চামরুল ইউনিয়নের মনগইদ গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘খুনের পর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি।’ এ ঘটনায় গতকাল বুধবার দুপুরে রবিজুলের ছোট ভাই জহুরুল ইসলাম বাদী হয়ে তিনজনকে আসামি করে দুপচাঁচিয়া থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলার এজাহারভুক্ত প্রধান আসামি লোকমান আলীকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে। লোকমান মনগইদ গ্রামের মোকছেদ আলীর ছেলে।
এজাহারে বাদী উল্লেখ করেন, তাঁর বড় ভাই রবিজুল ঈদের দুই দিন পরে উপজেলার চামরুল ইউনিয়নের মনগইদ গ্রামে শ্বশুর আলতাফ আলীর বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে রবিজুল প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে যান। এ সময় কয়েকজন দুর্বৃত্ত পেছন থেকে তাঁকে জাপটে ধরে বুক ও পেটের নিচে ছুরি দিয়ে আঘাত করে। রবিজুলের চিৎকারে বাড়ি ও আশপাশের লোকজন বের হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাঁকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান। বগুড়ার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) গাজিউর রহমান খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান।
পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন রবিজুলকে হত্যা করেছে বলে বাদী মামলায় অভিযোগ করেন।
তবে পারিবারিক সূত্রে জানা যায়, রবিজুলের স্ত্রী নাদিরা বেগমের প্রথম বিয়ে হয় মনগইদ গ্রামে। প্রথম বিয়ে বিচ্ছেদের পর রবিজুলের সঙ্গে নাদিরার দ্বিতীয় বিয়ে হয়। এরপর থেকে নাদিরার প্রথম স্বামী তাঁদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিতেন।