শ্বশুরবাড়িতে জামাতা খুন
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় গত শুক্রবার শ্বশুরবাড়িতে জামাতা খুন হয়েছেন। একই রাতে দিনাজপুরের বিরামপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার জয়পুরহাটের আক্কেলপুরে পুকুর থেকে এক প্রতিবন্ধীর লাশ উদ্ধার করা হয়েছে।
কাজীপুরে নিহত হওয়া ব্যক্তির নাম আবদুল কুদ্দুস (২৭)। তিনি রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের আবদুর রশিদের ছেলে। বিরামপুরে নিহত হওয়া ব্যক্তি হলেন ওই উপজেলার রামদেবপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে নবিনুর ইসলাম (৩৬)। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী গ্রামের জলদা চন্দ্রের ছেলে সুবল চন্দ্রের (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
সিরাজগঞ্জ: পুলিশ ও এলাকাবাসী জানান, দুই বছর আগে কাজীপুরের বৈলতৈল গ্রামের শাহেব আলীর মেয়ে শাহানা খাতুনের সঙ্গে রায়গঞ্জের আবদুল কুদ্দুসের বিয়ে হয়। শুক্রবার কুদ্দুস শ্বশুরবাড়িতে যান। রাতে পারিবারিক কলহের জের ধরে শ্বশুরবাড়ির লোকজন শ্বাসরোধে হত্যা করার পর তাঁর লাশ বাড়ির পাশে একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার চালান। খবর পেয়ে গতকাল সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পর থেকে শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে। কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, প্রাথমিক সুরতহালে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা করা হয়েছে।
বিরামপুর (দিনাজপুর): উপজেলার রতনপুর বাজারের কাছে শুক্রবার রাতে নবিনুর ইসলাম (৩৬) নামের এক ব্যক্তিকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। গতকাল সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নবীনুরের ছোট ভাই ইসাহাক আলী বাদী হয়ে গতকাল বিরামপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন। ইসাহাক আলী অভিযোগ করে বলেন, নবিনুরের সঙ্গে জমি নিয়ে কয়েকজনের সঙ্গে বিরোধ ছিল। এ কারণে তাঁর ভাইকে হত্যা করা হতে পারে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মমতাজুর রহমান জানান, তাঁর মাথার দুই পাশ, ডান কান, কোমরের দুই পাশ এবং ডান পায়ের ঊরুতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
আক্কেলপুর (জয়পুরহাট): উপজেলার রায়কালী ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে পাশের একটি পুকুর থেকে গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে পুলিশ প্রতিবন্ধী সুবল চন্দ্রের লাশ উদ্ধার করে। রায়কালী ইউপির চেয়ারম্যান শাহিনুর রহমান জানান, স্থানীয় লোকজন ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশের পুকুরে এক ব্যক্তির লাশ ভাসতে দেখে পুলিশকে ঘটনাটি জানান। পুলিশ এসে পুকুর থেকে লাশটি উদ্ধার করে। আক্কেলপুর থানার এসআই মিজানুর রহমান বলেন, পুকুরে পড়ে গিয়ে সুবলের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।