শ্বশুরবাড়িতে মার খেয়ে জামাতা হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গতকাল বুধবার পাওনা টাকা চাওয়ায় মো. সাইফুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তি শ্বশুরবাড়ির লোকজনের মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাইফুলকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চিকিৎসাধীন সাইফুল বলেন, তাঁর বাড়ি উপজেলা সদর ইউনিয়নের ভাটিসাভার গ্রামে। তিনি গাজীপুরে একটি পোশাক কারখানায় সুপারভাইজার পদে চাকরি করেন। ২০০৮ সালে তিনি নান্দাইল পৌরসভার বালিয়াপাড়া মহল্লার সুরুজ আলীর মেয়েকে বিয়ে করেন। বিয়ের পর তাঁর কাছ থেকে কিছু টাকা ধার নেন শ্বশুর সুরুজ। পরে ওই টাকা ফেরত চাইলে তাঁর প্রতি ক্ষুব্ধ হন শ্বশুর। তিনি ঈদের ছুটিতে বাড়ি আসার পর স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যান। গত মঙ্গলবার তিনি শ্যালক আনোয়ার হোসেনের বিয়েতে অংশ নেন। বিয়ের সময় আর্থিক খরচ বহনে অপারগতা জানালে শ্বশুর তাঁকে অপমানজনক কথাবার্তা বলেন। এ কারণে তিনি রাগ করে চলে যান। গতকাল তিনি স্ত্রীকে আনতে শ্বশুরবাড়ি যান। ওই সময় তিনি ধারের টাকা ফেরত চাইলে শ্বশুর ক্ষিপ্ত হয়ে তাঁকে গালাগাল শুরু করেন। তিনি প্রতিবাদ জানালে শ্বশুর তাঁর গলায় গামছা পেঁচিয়ে টেনেহিঁচড়ে উঠানে ফেলে মারধর শুরু করেন। এ সময় তাঁর দুই শ্যালকও তাঁকে মারধর করে।
সাইফুল আরও বলেন, ঘটনার সময় তাঁর স্ত্রী উপস্থিত থাকলেও এর প্রতিবাদ করেননি, বরং তাঁর স্ত্রী তাঁকে মারধরে বাবা ও ভাইদের উসকানি দিয়েছেন।
সুরুজ ও তাঁর ছেলেদের মুঠোফোন নেই। তাই এ ব্যাপারে জানতে সুরুজের চাচাতো ভাই লাল মিয়ার মুঠোফোনে ফোন করে সুরুজকে দিতে বলা হয়। এ সময় লাল মিয়া বলেন, সুরুজকে পাওয়া যাচ্ছে না। মারধরের বিষয়ে লাল মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। তবে বাড়িতে ছেলেপেলের সঙ্গে জামাইয়ের কিছু ধাক্কাধাক্কি হয়েছে বলে তিনি শুনেছেন।
থানার এসআই মাসুদ জামালী বলেন, তিনি গতকাল থানার ফটকের কাছে কর্তব্যরত ছিলেন। তখন কয়েকজন লোক একটি ইজিবাইকে করে আহত এক ব্যক্তিকে থানার ভেতরে নিতে চান। তিনি আহত ব্যক্তির চিকিৎসা করে পরে আইনি পদক্ষেপের পরামর্শ দেন।