শ্বশুরবাড়িতে মৃত্যু স্ত্রী-শাশুড়ি আটক
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গত বুধবার রাতে শ্বশুরবাড়িতে মো. মামুন মিয়া (২২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মামুনের স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার থানায় একটি হত্যা মামলা হয়েছে। মামুন উপজেলার বাঘবেড় ইউনিয়নের খড়িয়াপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ এপ্রিল উপজেলার উত্তর রানীগাঁও গ্রামের আবদুল করিমের মেয়ে রহিমা বেগমের (১৬) সঙ্গে মামুনের বিয়ে হয়। মামুন বাঘবেড় বাজারে নিজের চায়ের দোকানে কাজ শেষে গত বুধবার রাত ১১টার দিকে শ্বশুরবাড়িতে বেড়াতে যান। গতকাল ভোরে স্ত্রী রহিমার চিৎকারে বাড়ি ও আশপাশের লোকজন এসে বিছানায় মামুনের লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে মামুনের বাড়ির লোকজন ঘটনাস্থলে আসেন ও পুলিশকে খবর দেন। পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ সময় মামুনের স্ত্রী রহিমা ও শাশুড়ি আক্তারা বেগমকে (৪০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
নালিতাবাড়ী থানার এসআই মো. ফাইজুর রহমান জানান, মামুনের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে ফাঁস লাগিয়ে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদনের পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামুনের মা মমতাজ বেগম বাদী হয়ে গতকাল থানায় একটি হত্যা মামলা করেছেন।