শ্বশুরবাড়ি থেকে ছাত্রীর লাশ উদ্ধার, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ শহরের পূর্ব দাশড়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে গতকাল বুধবার সকালে সুপ্রিয়া সরকার (২২) নামের এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্বশুরবাড়ির লোকজন তাঁকে হত্যা করেছেন বলে স্বজনেরা অভিযোগ করেছেন। এ ঘটনায় স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পূর্ব দাশড়া এলাকার সুকুমার সাহার মেয়ে সুপ্রিয়া মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের বাংলা বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। সুপ্রিয়ার স্বামী দীপাঞ্জন সরকার (২৪) ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র ও সদর উপজেলার কৈতরা গ্রামের দিলীপ সরকারের ছেলে। এলাকার একটি ভাড়া বাসায় স্বামী ও শ্বশুর-শাশুড়ির সঙ্গে থাকতেন সুপ্রিয়া।
পুলিশ ও সুপ্রিয়ার পরিবার সূত্রে জানা গেছে, এক বছর আগে দীপাঞ্জন ও সুপ্রিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক হয়। দুই পরিবারের ইচ্ছা না থাকলেও পারিবারিকভাবেই গত ৭ আগস্ট তাঁদের বিয়ে হয়। গত মঙ্গলবার রাতে শ্বশুরের ভাড়া করা বাসায় নিজ কক্ষে ঘুমাতে যান সুপ্রিয়া। সকালে ওই কক্ষে সুপ্রিয়ার লাশ দেখতে পান শ্বশুরবাড়ির লোকজন ও প্রতিবেশীরা। খবর পেয়ে সকাল নয়টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ। লাশের গলায় গামছা প্যাঁচানো ছিল। ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
সুকুমার সাহা বলেন, প্রেমের কারণে শ্বশুর-শাশুড়ি সুপ্রিয়াকে মেনে নিতে পারেননি। এ কারণে মাঝেমধ্যে তাঁর মেয়েকে তাঁরা মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতেন। এ ছাড়া মেয়ের জামাই মাদকাসক্ত। এ নিয়ে পারিবারিক ও দাম্পত্য কলহও ছিল। তিনি অভিযোগ করেন, শ্বশুর-শাশুড়ি ও স্বামী তাঁর মেয়েকে হত্যা করেছেন। তিনি মেয়ে হত্যার বিচার চান।
দিলীপ সরকার বলেন, সকালে ঘুম থেকে উঠে সুপ্রিয়ার কক্ষে গিয়ে তাঁকে বিবস্ত্র ও মৃত অবস্থায় দেখতে পান তিনি। এ সময় ঘরের আসবাব ভাঙাচোরা ও ছড়ানো-ছিটানো ছিল। দীপাঞ্জনও বাড়িতে ছিলেন না। ২৪ সেপ্টেম্বর থেকে তিনি ঢাকায়। সুপ্রিয়ার স্বজনদের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, দুর্বৃত্তরা তাঁকে ধর্ষণের পর হত্যা করে থাকতে পারে।
গতকাল বিকেলে সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) মো. লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, ওই ছাত্রীর ময়নাতদন্ত শেষ হয়েছে। তাঁর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল। তবে প্রাথমিক অবস্থায় ধর্ষণের আলামত পাওয়া যায়নি। এটি নিশ্চিত হওয়ার জন্য ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া চলছে।
এদিকে ঘটনার প্রতিবাদে জেলা শহরের শহীদ রফিক সড়কে শোক র্যা লি করেছেন সুপ্রিয়ার সহপাঠীরা। এরপর তাঁরা মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেন। মানববন্ধন চলাকালে সহপাঠী রবিউল ইসলাম ও নির্মা সাহা বলেন, সুপ্রিয়া শান্ত প্রকৃতির ছিলেন। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তিনি বলেন, এ ঘটনায় গতকাল সন্ধ্যায় সুকুমার সাহা বাদী হয়ে সুপ্রিয়ার স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।