শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের লাশ উদ্ধার
ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের রাজাবাড়িয়া গ্রামের শ্বশুরবাড়ি থেকে আজ বুধবার দুপুরে আবু সাঈদ খান (৩৫) নামের এক দুবাইপ্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আবু সাঈদ খান একই উপজেলার হদুয়া গ্রামের হাতেম আলী খানের ছেলে।
পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, দুই বছর আগে দুবাইপ্রবাসী আবু সাঈদ খানের সঙ্গে রাজাবাড়িয়া গ্রামের হামিদ সিকদারের মেয়ে সনিয়া আক্তারের বিয়ে হয়। বিয়ের কয়েক দিন পর আবু সাঈদ কর্মস্থল দুবাই চলে যান। ১৫ দিন আগে তিনি দেশে আসেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তিনি শ্বশুরবাড়িতে যান। আজ বুধবার সকালে আবু সাঈদের পরিবারের কাছে শ্বশুরবাড়ি থেকে মুঠোফোনে জানানো হয়, তিনি অসুস্থ হয়ে মারা গেছেন। দুপুরে খবর পেয়ে পুলিশ শ্বশুরবাড়ি থেকে লাশ উদ্ধার করে।
আবু সাঈদের স্ত্রী সনিয়া আক্তার বলেন, ‘মঙ্গলবার রাতে খাবার খেয়ে আমরা একসঙ্গে ঘুমিয়ে পড়ি। রাত তিনটার দিকে আমার ঘুম ভেঙে গেলে তাঁর (সাঈদ) শরীরে হাত দিয়ে দেখি শক্ত হয়ে আছে। এরপর পরিবারের সদস্যদের ডাকার পর সবাই নিশ্চিত হন তিনি মারা গেছেন।’
আবু সাঈদের বাবা হাতেম আলী খান বলেন, ‘বুধবার সকালে সাঈদের শ্বশুরবাড়ি থেকে মুঠোফোনে জানানো হয় সাঈদ মারা গেছে। মৃত্যুর ঘটনাটি আমাদের কাছে রহস্যজনক মনে হয়েছে।’
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সুলতান মাহামুদ বলেন, আবু সাঈদের গলায় ও বুকের ডান পাশে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।