শ্বশুরবাড়িতে জামাই খুন!
রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দের বিষ্ণুপুর গ্রামের রবিউল ইসলামকে তাঁর শ্বশুরবাড়ির লোকজন মারধর করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে পায়রাবন্দে নিহত রবিউলের শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটেছে।
রবিউলের বড় ভাই রফিকুল ইসলাম বলেন, ‘ভাইয়ের লাশ খোঁজার জন্য অংপুরের শোগ (সব) ক্লিনিকগুলাত সারা রাইত ধরি খুঁজি বেড়াছি। কিন্তু কোনঠে পাই নাই। শেষমেশ আইজ (গতকাল বুধবার) সকাল সাতটার সময় অংপুর মেডিকোলের লাশ থোওয়া ঘরোত খুঁজি পাইছি।’
গতকাল বুধবার লাশের সুরতহাল প্রতিবেদন করার পর তদন্তকারী কর্মকর্তা ও মিঠাপুকুর থানার উপপরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া না গেলেও তাঁর দুই কান ও নাক দিয়ে রক্ত ঝরেছে।
রফিকুল ইসলাম বলেন, তাঁর ছোট ভাই ঢাকায় রিকশা চালাতেন। স্ত্রী ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। তাঁর স্ত্রীর সঙ্গে বেশ কিছুদিন ধরে তাঁর বনিবনা হচ্ছিল না। এ ঘটনার মীমাংসা করতে রবিউল গত মঙ্গলবার ঢাকা থেকে এসে মিঠাপুকুরের শ্বশুরবাড়ি যান। এ সময় সঙ্গে স্ত্রী ছিল না। নিহত রবিউলের তিন সন্তান। বড় ছেলে ঢাকায় চাকরি করে। আর ছোট দুটি ছেলে ও মেয়ে রবিউলের বাবার বাড়িতে বড় ভাইয়ের কাছে থাকে। রবিউলের বাড়ি রংপুর নগরের ৩১ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া পানবাড়ি এলাকায়।
তিনি আরও বলেন, গত মঙ্গলবার রাত ১০টার দিকে মিঠাপুকুরের নয়াবাজার এলাকা থেকে একজন পরিচিত ব্যক্তি ফোন করে রবিউলকে পিটিয়ে মেরে ফেলার কথা জানায়। রংপুরের কোনো একটি বেসরকারি হাসপাতালে রয়েছে তাঁর লাশ। এরপর ওই রাতেই নিহত ভাইকে খুঁজতে বেরিয়ে পড়েন রবিউলের অন্য তিন ভাই। সারা রাত শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে হন্যে হয়ে খুঁজে বেড়িয়েছেন। কিন্তু কোথাও লাশ পাননি তাঁরা। অবশেষে গতকাল বুধবার সকাল সাতটার দিকে ভাইয়ের লাশের সন্ধান পান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।
থানা-পুলিশ ও ঘটনাস্থলের এলাকার বাসিন্দা সূত্র জানায়, মঙ্গলবার রাত নয়টার দিকে রবিউলের শ্বশুরবাড়ির লোকজন তাঁকে মারপিট করলে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। এ সময় তাঁরা রবিউলের মুখে বিষ ঢেলে দিয়ে তাঁকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে তাঁর মৃত্যুর খবর শোনার পর রবিউলের শ্বশুর আতিয়ার রহমানসহ বাড়ির লোকজন ঘরে তালা দিয়ে পালিয়ে যান। তাঁদের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
মামলার তদন্তকারী কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্ত করে নিহত ব্যক্তির পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনো কোনো মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।