শ্বশুরবাড়িতে যুবকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় গত শনিবার রাতে শ্বশুরবাড়িতে মহির উদ্দিন (২০) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে তাঁর স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন।
গ্রামবাসী সূত্রে জানা যায়, মহির বীরগঞ্জ পৌরসভার জগদল হাটপুকুর আশ্রয়ণ প্রকল্পের আলমের মেয়ে আলেয়া বেগমের স্বামী। পাশের কুমারপাড়া গ্রামে তাঁর নিজের বাড়ি হলেও শ্বশুরবাড়িতে তিনি ঘরজামাই হিসেবে থাকতেন। গত শনিবার রাতের কোনো এক সময়ে তাঁর মৃত্যুর পর থেকে মহিরের স্ত্রী আলেয়া, শাশুড়ি হাসিনা বেগমসহ শ্বশুরবাড়ির সব লোক পালিয়েছেন।
বীরগঞ্জ থানার সহকারী পরিদর্শক সফিউর রহমান বলেন, গতকাল রোববার সকালে আশ্রয়ণ প্রকল্পের লোকজনের কাছ থেকে খবর পেয়ে সকাল ১০টায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।