শ্বশুরবাড়ির লোকজনের মারধরে একজনের মৃত্যু
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় শ্বশুরবাড়ির লোকজনের মারধরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম আহসান হাবিব (৩৪)। গতকাল বৃহস্পতিবার উত্তর বোয়ালিয়া গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী হেলেনা বেগমকে আটক করেছে পুলিশ।
সদর ইউনিয়নের উত্তর বোয়ালিয়া গ্রামের কয়েকজন বাসিন্দা ও হাবিবের পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় পারিবারিক কলহের জের ধরে হাবিব তাঁর স্ত্রী হেলেনাকে মারধর করেন। এতে হেলেনা অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে ওই রাতে হেলেনার বাবার বাড়ি একই ইউনিয়নের উত্তর চরখালী গ্রাম থেকে তাঁদের সাত-আটজন আত্মীয় মোটরসাইকেল নিয়ে হাবিবদের বাড়িতে যান। এ সময় তাঁরা হাবিবকে ডেকে তাঁদের সঙ্গে মোটরসাইকেলে উঠতে বলেন। তিনি যেতে না চাইলে তাঁরা হাবিবকে মারধর শুরু করেন। একপর্যায়ে হাবিব ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান। পরে রাতে তিনি আর বাড়ি ফেরেননি। গতকাল সকালে বাড়ির লোকজন পুকুরে হাবিবের লাশ ভাসতে দেখে থানায় খবর দেন।