শ্বশুরসহ তিনজনকে কোপানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুক না পেয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় শ্বশুর, শ্যালক ও সম্বন্ধীকে এক ব্যক্তি চাপাতি দিয়ে কুপিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে রায়েরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন উপজেলার রায়েরবাজার এলাকার বিপুল চন্দ্র সরকার (৬০), তাঁর ছেলে মনি সরকার (৩৫) ও টনি সরকার (২৮)। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শুক্রবার বিপুল সরকারের স্ত্রী নীলিমা সরকার প্রথম আলোকে বলেন, ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি এলাকার অপু সরকারের (৪২) সঙ্গে প্রায় ১৬ বছর আগে তাঁর মেয়ে লিমা সরকারের বিয়ে হয়। এরপর থেকে যৌতুকের দাবিতে লিমাকে নির্যাতন করে আসছেন অপু। এ কারণে তাঁরা অপুকে কয়েক দফা টাকাও দিয়েছেন। কিন্তু টাকা শেষ হলেই নির্যাতন শুরু হতো। একপর্যায়ে অপু মাদকাসক্ত হয়ে পড়েন। তখন মাদকের টাকার জন্য লিমার ওপর নির্যাতন শুরু করেন অপু।

লিমা সরকার বলেন, তিনি নির্যাতন সহ্য করতে না পেরে ১৪ বছর বয়সী ছেলেকে স্বামীর বাড়িতে রেখে ২০ দিন আগে বাবার বাড়িতে আসেন।

নীলিমা সরকার আরও বলেন, তাঁরা লিমাকে আর অপুর বাড়িতে পাঠাবেন না বলে স্থির করেন। এ খবর পেয়ে বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে অপু তাঁদের বাসায় এসে বিপুলকে ডেকে তুলে চাপাতি দিয়ে কোপান। তাঁকে বাঁচাতে গিয়ে মনি ও টনিও চাপাতির কোপে আহত হন।

বিপুল সরকারের প্রতিবেশী জং বাহাদুর রাজভর বলেন, তিনি চিৎকার ও কান্নাকাটির আওয়াজ পেয়ে রাত দেড়টার দিকে ওই বাড়িতে গিয়ে উঠোনে তিনজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে লোকজনের সহায়তায় তাঁদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

এ বিষয়ে কথা বলার জন্য গতকাল শুক্রবার অপু সরকারের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর স্ত্রী লিমার কাছ থেকে দুটি মুঠোফোন নম্বর নিয়ে কল করা হলে সেগুলো বন্ধ পাওয়া যায়।