শ্বশুর-শাশুড়ি মা-ছেলে ইয়াবাসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়াবা বড়িসহ ধরা পড়লেন শ্বশুর-শাশুড়ি-জামাতাসহ চারজন। তাঁদের কাছে পাওয়া গেছে চার হাজার ইয়াবা বড়ি। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম নগরের রৌফাবাদ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার চারজন হলেন জামাতা আবদুর রহিম, শ্বশুর হাসান আলী, শাশুড়ি রোকেয়া বেগম ও রহিমের মা আনোয়ারা বেগম।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুহসীন প্রথম আলোকে বলেন, চারজনের বাড়ি কক্সবাজারের টেকনাফে। রহিম পরিবার নিয়ে রৌফাবাদ এলাকায় একটি বস্তিতে থাকেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে শ্বশুর ও শাশুড়িকে দিয়ে টেকনাফ থেকে ইয়াবা আনতেন তিনি। পরে তা নগরে বিক্রি করতেন। গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে রৌফাবাদ এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি বলেন, রহিমের সঙ্গে তাঁর মা আনোয়ারা বেগমও ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েন। রহিমের স্ত্রীকে ধরা যায়নি। আসামিদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ইয়াবা ব্যবসার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।