শ্বাসনালি পুড়ে নির্বাক শাকিল, পাশে কেউ নেই
শ্বাসনালি পুড়ে গেছে শিশু শাকিলের। কথাও বন্ধ। আজ মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির সময় সে শুধু বলতে পেরেছে, বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ে। বাবার নাম জসিম উদ্দিন। বয়স ১৪ বছর। তার সঙ্গে আর কেউ নেই।
একটি কাভার্ডভ্যান নিয়ে চাঁপাইনবাবগঞ্জের কানসাটে মাল আনতে যাচ্ছিল শাকিলেরা। ভোররাতে কানসাটে পেট্রলবোমা হামলায় আহত হয়ে কাভার্ড ভ্যানের চালক মারা গেছেন। শাকিল ছিল চালকের সহকারী। তাকে সকালে রাজশাহীতে নিয়ে আসা হয়েছে।
শাকিলকে কানসাট থেকে রাজশাহীতে নিয়ে এসেছেন শিবগঞ্জের নুরুল ইসলাম নামের এক ব্যক্তি। তিনি বলেন, তিনি সকালে হাসপাতালে একটি কাজে গিয়েছিলেন। জোর করে হাসপাতাল থেকে তাঁর অ্যাম্বুলেন্সে শাকিলকে তুলে দেওয়া হয়েছে। শাকিলের সম্পর্কে এর বেশি কিছু তিনি জানেন না।
হাসপাতালের বার্ন ইউনিটে গিয়ে দেখা যায়, শাকিলের দুই হাত, মুখ, পা-সবই পুড়ে গেছে। নিথর দেহটা বিছানায় পড়ে রয়েছে। ঠোঁট দুটো হালকা কাঁপছে। তা ছাড়া আর কোনো সাড়া নেই। বেশ কয়েকজন সেবিকা শিশুটিকে ঘিরে দাঁড়িয়ে থেকে আহা-আহা করছেন।
দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন জানান, শিশুটির শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। তার শ্বাসনালিও পুড়ে গেছে। তার অবস্থা খুব সংকটাপন্ন। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হচ্ছে। সঙ্গে কেউ না থাকলেও তাঁরা হাসপাতালের পক্ষ থেকে সব ধরনের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করছেন।