শ্বাসরোধ করে হত্যার স্বীকারোক্তি দিলেন সৎমা ও চাচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দা উপজেলার শিশু মুরাদ হোসেনকে (১২) শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন তার সৎমা অঞ্জনা বেগম। শিশুটি যাতে চিৎকার করতে না পারে, সে জন্য মুখে ওড়না চেপে ধরার কথা স্বীকার করেছেন তার চাচি সফুরা বিবি। নওগাঁর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবদুল কুদ্দুসের আদালতে গতকাল বৃহস্পতিবার তাঁরা ১৬৪ ধারায় এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মান্দার বিলকরিল্যা গ্রাম থেকে গত বুধবার মুরাদের বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। সে ওই গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।
আদালত সূত্র জানায়, জবানবন্দিতে অঞ্জনা ও সফুরা বলেন, নিজের ছেলে অনিকের (৬) পথ পরিষ্কার করতে দীর্ঘদিন ধরে মুরাদকে হত্যার চেষ্টা করছিলেন অঞ্জনা। মুরাদ নানাবাড়িতে বেড়িয়ে ঘটনার দিন সকালেই বাড়ি ফেরে। তখন রাজ্জাক বাড়িতে ছিলেন না। ফেরার পরপরই মুরাদকে অঞ্জনা ঘর পরিষ্কার করতে বলেন। সে ঝাড়ু নিয়ে ঘরে ঢুকলে সঙ্গে সঙ্গে তার গলায় রশি পেঁচিয়ে চেপে ধরেন তিনি। মুরাদ চিৎকার করে উঠলে চাচি সফুরা তার মুখে ওড়না চেপে ধরেন। শিশুটির মৃত্যুর পর দুজনে তার লাশ বস্তায় ভরে ফেলে আসেন।
মান্দা থানার ওসি আনিছুর রহমান বলেন, মুরাদের লাশ উদ্ধার করতে গেলে তার ছোট ভাই অনিক পুলিশকে বলে, তার মা শিশুটিকে হত্যা করেছে। তখন সন্দেহের ভিত্তিতে অঞ্জনাকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর তথ্য অনুযায়ী গ্রেপ্তার করা হয় সফুরাকে।