শ্বাসরোধে তরুণ হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর গ্রামের মাঠ থেকে শামীম (২৩) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে লাশটি উদ্ধার করা হয়। আজ সোমবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত তরুণের বাড়ি সিরাজগঞ্জ শহরের কান্দাপাড়া মহল্লায়। তাঁর বাবার নাম শামসুল ইসলাম। শহরের একটি প্রসাধনসামগ্রীর দোকানের বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন শামীম।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই তরুণ গত শনিবার প্রসাধনসামগ্রী সরবরাহ করতে উল্লাপাড়ার বড়হর গ্রামের বিভিন্ন দোকানে যান। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি পরিবারের লোকজন। গত রোববার রাতে বড়হর গ্রামের পাশের মাঠের মধ্যে একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করার পর স্বজনদের খবর দেয়। নিহত তরুণের বাবা শামসুল ইসলাম এসে লাশ শনাক্ত করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে। এ ঘটনায় শামীমের বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলার তদন্ত চলছে।