শ্বাসরোধে বৃদ্ধকে হত্যার অভিযোগ
পাবনার ঈশ্বরদী উপজেলায় এক বৃদ্ধকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহত ব্যক্তির ছোট মেয়ে ও তাঁর স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
উপজেলার ছলিমপুর ইউনিয়নের কোলেরকান্দি গ্রামে গত রোববার রাতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবদুল জলিল প্রামাণিক ওরফে ধেলু (৭৫)।
নিহত জলিল প্রামাণিকের ছেলে আবদুল হাই বলেন, তাঁর বাবার লিচুবাগানসহ ২৫ বিঘা জমি আছে। তাঁর ছোট বোন ও বোনের স্বামী এ জমি হাতিয়ে নিতে চেয়েছিলেন। তাঁরা ঈশ্বরদী শহরে থাকতেন। মাস খানেক আগে তাঁরা (ছোট বোন ও বোনের স্বামী) বাবা-মাকে চিকিৎসার করানোর জন্য বাড়ি থেকে নিয়ে যান। কিন্তু কোথায় নিয়ে গেছেন তা জানাননি। অনেক খোঁজাখুঁজি করে তাঁদের পাওয়া যাচ্ছিল না।
এরপর রোববার রাত ১২টার দিকে হঠাৎ মা ফোন করে বলেন, তাঁর ছোট বোন ও স্বামী বাবার কাছ থেকে ২৫ বিঘা জমি জোর করে লিখে নিয়ে বাবাকে শ্বাসরোধ করে হত্যা করেছেন। পরে লাশসহ তাঁর মাকে বগুড়ার নন্দীগ্রামে রেখে গেছে। খবর পেয়ে তিনি পরদিন সকালে নন্দীগ্রাম থেকে বাবার লাশ ও মাকে উদ্ধার করে গ্রামের বাড়িতে নিয়ে আসেন। বিষয়টি ঈশ্বরদী থানায় জানালে গত সোমবার রাতে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নেয়।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী থানার উপপরিদর্শক আবদুর রহিম বলেন, হত্যার সন্দেহে সোমবার রাতে নিহত আবদুল জলিলের আরেক ছেলে শহিদুল ইসলাম ছোট বোন ও তাঁর স্বামীর বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ জমা দেন। গতকাল মঙ্গলবার সকালে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়। তবে ঘটনায় অভিযুক্তদের এলাকায় পাওয়া যাচ্ছে না।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ বলেন, ঘটনাটি পারিবারিক ও জমি-সংক্রান্ত বিরোধ নিয়ে ঘটতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পুলিশ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।