শ্বাসরোধে শিশু হত্যা, সৎমাসহ আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলায় সিয়াম হোসেন (৫) নামের এক শিশুকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে শিশুটির সৎমা আরজিনা খাতুনসহ (২৪) তিনজনকে আটক করেছে পুলিশ।

আজ রোববার বিকেলে উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম ওই গ্রামের সাইফুল ইসলামের প্রথম স্ত্রীর সন্তান।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিয়ামের বাবা সাইফুল ইসলাম দুই বিয়ে করেছেন। দুই স্ত্রীকে নিয়ে তিনি একই বাড়িতে থাকেন। সিয়াম তাঁর প্রথম স্ত্রী সুমি খাতুনের সন্তান। আজ বিকেলে হঠাৎ করে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে খোঁজাখুঁজির সময় দ্বিতীয় স্ত্রী আরজিনা খাতুনের ঘর থেকে শিশুটির মৃতদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

সিয়ামের মা সুমি খাতুন অভিযোগ করেন, স্বামী-সংসার থেকে তাঁর চিহ্ন মুছে ফেলতে পরিকল্পিতভাবে সিয়ামকে হত্যা করা হয়েছে। তিনি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হাসান বলেন, নিহত সিয়ামের সুরতহাল প্রতিবেদনে শ্বাসরোধের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে শিশুটির সৎমা আরজিনা খাতুন, চাচাতো ভাই শাকিল হোসেন ও তাঁর স্ত্রী ঊর্মি খাতুনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী কারণে শিশুটিকে হত্যা করেছেন, তা এখনো বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।