শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেনা লোক দুটি খারাপ কিছু একটা করবে, তা বুঝতে পেরে পালাতে চাইতেই ছোট্ট মিমিকে (৭) ধরে ফেলে দুই অপহরণকারী। চিৎকার করায় সঙ্গে সঙ্গেই গলা টিপে ধরে ওই দুজন। নিস্তেজ হয়ে পড়ে মিমি। মৃত্যু নিশ্চিত ভেবে মিমিকে ঢুকিয়ে রাখা হয় একটি টিনের ট্রাংকে।
আধা ঘণ্টা পর ট্রাংক থেকে গোঙানির শব্দ পাওয়া গেলে ট্রাংক খুলে মিমিকে জীবিত দেখে হতবাক হয় দুর্বৃত্তরা। এরপর সর্বশক্তি দিয়ে বাঁচার আকুল চেষ্টায় এতটুকু মন গলে না প্রতিবেশী দুই দুর্বৃত্তের। ছোট্ট মিমির গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে।
এভাবেই দিনাজপুর উপশহরের বাসিন্দা মাহবুবুর আলমের ছোট মেয়ে মিমিকে হত্যার বর্ণনা দিয়েছেন পুলিশের হাতে গ্রেপ্তার দুই প্রতিবেশী মাসুদুর রহমান (২১) ও রিন্টু রহমান (২০)। তাঁরা দুজনই উপশহরের বাসিন্দা।
এ ঘটনায় পুলিশ মাসুদুর রহমানের মা মঞ্জুয়ারা বেগমকেও গ্রেপ্তার করেছে। এ ছাড়া ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাসুদের দূরসম্পর্কের মামা সদর উপজেলার মোন্নাপাড়া মহল্লার আবুজার রহমান (২১), শেখপুরা মহল্লার মমিনুল ইসলাম (৩২) ও আরমানকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেকুজ্জামান প্রথম আলোকে জানান, গ্রেপ্তার হওয়া মাসুদুর ও রিন্টু এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে গত সোমবার দিনাজপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক এস এম আহসানুল হকের কাছে জবানবন্দি দিয়েছেন।
আদালতের জবানবন্দিতে ও পুলিশের জিজ্ঞাসাবাদে মাসুদুর রহমান ও রিন্টু জানান, এক মাস আগে মাসুদুর ও রিন্টু জানতে পারেন যে মিমির বাবা মাহবুবুর আলম একটি জমি বিক্রি করে আট লাখ টাকা পেয়েছেন। বিষয়টি জানার পর গত ২০ ডিসেম্বর তাঁরা মিমিকে অপহরণের পরিকল্পনা করেন। মাসুদুর রহমান অনেক দিন ধরে মিমির বড় ভাইয়ের গৃহশিক্ষক ছিলেন। সেই সুবাদে মাসুদুর সব সময় মিমিদের বাড়িতে যাতায়াত করতেন।
ঘটনার দিন সকালে মাসুদুর মেহেদি পাতা নেওয়ার কথা বলে মিমিদের বাড়িতে যান। এরপর মিমি মাসুদুরের সঙ্গে বেরিয়ে এসে রিন্টুদের বাড়িতে যায়। সেখানে রিন্টুর ছোট বোনের সঙ্গে কিছুক্ষণ খেলাধুলা করে মাসুদুরের বাড়ির সামনে এলে তাঁরা দুজন মিমিকে হাত ধরে টেনে বাড়িতে নিয়ে হত্যা করেন।
ঘটনার রাতেই মিমির বাবা মাহবুবুর আলম কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেন। এর মধ্যে মুঠোফোনে মিমির বাবার কাছে সাত লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পুলিশ প্রযুক্তির সাহায্যে অপরাধীদের ধরতে অভিযান শুরু করে। মিমির বাবাকে টাকা নিয়ে বিভিন্ন স্থানে দেখা করতে বললেও অপরাধীরা দেখা করেনি।
৩১ ডিসেম্বর মাসুদুর ও রিন্টু মিমির লাশ শহরের একটি মহল্লার খেলার মাঠের পাশের নালায় ফেলে রেখে যান। সকালে এলাকাবাসী লাশ দেখে পুলিশকে খবর দেন। ওই দিন দুপুরেই পুলিশ সুপার মো. রুহুল আমিনের নির্দেশে কোতোয়ালি থানার পুলিশ ও গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে মাসুদুর, তাঁর মা মঞ্জুয়ারা ও রিন্টুকে গ্রেপ্তার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) সুমন পারভেজ প্রথম আলোকে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যমতে পুলিশ সোমবার আবুজার, মমিনুল ও আরমানকে গ্রেপ্তার করে। সোমবার রিন্টুর দেওয়া তথ্যমতে পুলিশ তাঁর বাড়ির পাশ থেকে মিমির হত্যাকাণ্ডে ব্যবহৃত গামছা ও গ্লাভস উদ্ধার করে। মমিনুল ও আরমানের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার মুঠোফোন ও সিম উদ্ধার করা হয়েছে বলে এসআই সুমন পারভেজ জানান।