শ্বাসরোধে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী-শাশুড়ি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত গৃহবধূ রোজি আক্তার। ছবি: সংগৃহীত
নিহত গৃহবধূ রোজি আক্তার। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় এক গৃহবধূকে নির্যাতনের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকালে উপজেলার পাকুল্যা গ্রামে স্বামীর বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত গৃহবধূর নাম রোজি আক্তার (৩০)। তিনি উপজেলার বলুটিয়া গ্রামের রজব আলীর মেয়ে। তাঁর স্বামী মোকছেদ আলী (৩৫) ও শাশুড়ি হাফিজা খাতুনকে (৫৫) আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মোকছেদ আলী শ্রমিকের কাজ করেন। দেড় বছর আগে রোজির সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর রোজি জানতে পারেন মোকছেদ আলী আগেও দুটি বিয়ে করেছেন। এ ঘটনা জানাজানি হলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। বিষয়টি মীমাংসা হলেও এরপর মোকছেদ যৌতুকের দাবিতে রোজির ওপর নির্যাতন শুরু করেন।

রোজির পরিবারের অভিযোগ, যৌতুক দিতে অস্বীকৃতি জানালেই তাঁর ওপর শারীরিক নির্যাতন চলত। গতকাল মঙ্গলবার রাতে মোকছেদ নির্যাতনের একপর্যায়ে তাঁকে শ্বাসরোধে হত্যা করেন। খবর পেয়ে পুলিশ আজ সকালে তাঁর লাশ উদ্ধার করে।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল আলম বলেন, নিহত গৃহবধূর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহত নারীর স্বামী ও শাশুড়িকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।