শ্বাসরোধে দুই গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুক না পেয়ে রংপুরের পীরগাছা উপজেলায় গতকাল শুক্রবার স্বামীর বিরুদ্ধে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। একই দিন বগুড়ার ধুনট উপজেলায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বামীর অনৈতিক সম্পর্কে বাধা দেওয়ায় তাঁকেও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।
পীরগাছার গৃহবধূটির নাম মিনারা বেগম (২৩)। তিনি আনন্দীধনিরাম গ্রামের মিজানুর রহমানের (৩০) স্ত্রী। মিজানুরকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধুনটে মারা যাওয়া গৃহবধূর নাম আঙ্গুরি খাতুন (৪০)। তাঁর স্বামীর নাম আবদুল মজিদ। ঘটনার পর থেকে মজিদ আত্মগোপনে রয়েছেন।
পীরগাছা থানা-পুলিশ, পরিবার ও এজাহার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে উপজেলার মহিষমুড়ী গ্রামের মজিবর রহমানের মেয়ে মিনারার সঙ্গে মিজানুরের বিয়ে হয়। এরপর থেকে যৌতুকের দাবিতে মিনারার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন মিজানুর ও তাঁর পরিবারের সদস্যরা। একপর্যায়ে মিনারার বাবা এক লাখ টাকা দেন। এরপর আরও এক লাখ টাকার জন্য চাপ দিতে থাকেন মিজানুর। এ নিয়ে কলহের জের ধরে মিনারাকে মারধর করেন মিজানুর। গতকাল সকাল ১০টার দিকে মিজানুর গলা টিপে ধরলে মিনারা সংজ্ঞা হারিয়ে ফেলেন। একপর্যায়ে মিনারা মারা গেলে ঘরের আড়ার সঙ্গে লাশ ঝুলিয়ে রাখার চেষ্টা করা হয়। ঘটনা জানাজানি হয়ে গেলে আশপাশের লোকজন এসে মিজানুরকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
মিনারা বেগমের মা আয়েশা বেগম প্রথম আলোকে বলেন, ‘আমার মাইয়াটাক বিয়া দেওয়ার পর এক লাখ টাকা যৌতুক দিছি। আরও এক লাখ টাকা চায়। এর জন্যে মাইয়াটাক খালি মারপিট করত। শেষমেশ মারি ফেলাইল।’
এদিকে ধুনট থানা-পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, আবদুল মজিদ প্রথম স্ত্রীকে তালাক দিয়ে প্রায় ২০ বছর আগে আঙ্গুরি খাতুনকে বিয়ে করেন। তাঁদের এক মেয়ে ও এক ছেলে রয়েছে। ছয়-সাত বছর ধরে সাবেক স্ত্রীর সঙ্গে মজিদ সম্পর্ক গড়ে তোলেন। ওই নারী ঢাকায় থাকতেন। মজিদ নানা অজুহাতে প্রায়ই সেখানে যেতেন। এ নিয়ে আঙ্গুরির সঙ্গে তাঁর ঝগড়া-বিবাদ চলছিল। ওই নারী এবার ঈদের ছুটিতে বাড়ি আসেন। মজিদ গোপনে তাঁর সঙ্গে দেখা করতে যান। এ নিয়ে গত বৃহস্পতিবার রাতে ঝগড়ার একপর্যায়ে আঙ্গুরিকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন মজিদ। এরপর লাশ ঘরের মেঝেতে রেখে মজিদ পালিয়ে যান।