শ্বাসরোধে নারী শ্রমিককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলায় এক নারী শ্রমিককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সকালে উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের একটি নার্সারির পাশে বাঁশবাগান থেকে নারীর লাশ উদ্ধার করা হয়।

নিহত ওই নারীর নাম মাবিয়া সুলতানা (৩২)। তিনি একটি টেক্সটাইল মিলের শ্রমিক। মাবিয়া উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের সুলতান বিশ্বাসের মেয়ে এবং মশরহাটী গ্রামের বাসিন্দা মোহাম্মাদ আলী ওরফে বাবুর স্ত্রী। লাশের গলায়, ডান কানে ও মুখে দাগ দেখা গেছে। পুলিশ ধারণা করছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের শংকর দাসের নার্সারির পাশে বাঁশবাগানে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় ব্যক্তিরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। একটি বোরকার ওপর লাশটি পড়ে ছিল এবং পাশে একটি লুঙ্গি ছিল।

নিহত মাবিয়া সুলতানার ভাই নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, কয়েক বছর আগে খুলনার খানজাহান আলী থানা এলাকার আব্দুস সালাম ওরফে বাবুর সঙ্গে মাবিয়ার বিয়ে হয়। পরে জানা যায়, সালাম নেশাগ্রস্ত। এ কারণে দেড় বছর আগে সালামের সঙ্গে মাবিয়ার বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর অভয়নগর উপজেলার মশরহাটী গ্রামের মোহাম্মাদ আলী ওরফে বাবুর সঙ্গে দ্বিতীয় বিয়ে হয় মাবিয়ার। গতকাল শুক্রবার রাত নয়টার দিকে মাবিয়া বাবার বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে স্বামীর বাড়ি যাচ্ছিলেন। এরপর থেকে তিনি নিখোঁজ হন। আজ সকালে তাঁর লাশ পাওয়া যায়। তিনি অভিযোগ করেন, মাবিয়ার আগের স্বামী আব্দুস সালাম বাবু তাঁকে হত্যা করেছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল গণি বলেন, বাঁশবাগান থেকে মাবিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত মাবিয়াকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন।