শ্বাসরোধে শিশুকে হত্যা, মা-বাবা গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের দুবইল গ্রামের নূরনবী নামের তিন বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যার অভিযোগে মা ও সৎবাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে ওই শিশুকে হত্যার ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার শিশুর মা ও সৎবাবাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শিশুটির মামা হত্যা মামলা করেছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, নূরনবীর সৎবাবা মাদকাসক্ত ছিলেন। বাবা ও মা শিশুটিকে প্রায়ই মারধর করতেন। বুধবার রাতে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়।
গোমস্তাপুর থানার পরিদর্শক (তদন্ত) এস এম জাকারিয়া বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে মা রোজিনা বেগম (৩২) ও সৎবাবা এমদাদুল হককে (৪২) আজ বেলা ১১টার দিকে আটক করে থানায় নেওয়া হয়। শিশুটির মামা আবদুল বারিক বাদী হয়ে মা ও সৎবাবাকে আসামি করে মামলা করেন। তিনি আরও বলেন, শিশুটির শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য শিশুর লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বিকেলেই মা ও সৎবাবাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।