শ্মশানের জায়গা রাতারাতি দখলের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় একটি শ্মশানের জায়গা রাতারাতি দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় ক্ষুদ্র জাতিসত্তার সম্প্রদায়ের কাছ থেকে অভিযোগ পেয়ে দুই পক্ষকেই গতকাল সোমবার থানায় ডাকা হয়। তবে দখলদার আবদুল কাদের সময় চাওয়ায় দুই পক্ষকে নিয়ে বসার তারিখ পিছিয়ে আগামী ৬ জানুয়ারি করা হয়েছে।
শ্মশানটি উপজেলার নেজামপুর ইউনিয়নের কামারজগদইল গ্রামে অবস্থিত। এটি যুগ যুগ ধরে ক্ষুদ্র জাতিসত্তার মানুষদের সমাধিস্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ১৯৭২ সালের ভূমি জরিপের রেকর্ডেও (আরএস রেকর্ড) জায়গাটি শ্মশান হিসেবে উল্লেখ রয়েছে।
তবে জমিটি দখলে নেওয়া একই গ্রামের প্রভাবশালী ব্যক্তি আবদুল কাদের দাবি করেন, ওই দাগে কোনো শ্মশান নেই। জমিটি তিনি এলাকার জমিদার পরিবারের সদস্য দীপেন্দ্র মহন মৈত্রর কাছ থেকে কিনেছেন। রেকর্ড সংশোধনের জন্য তিনি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও নাচোলের সহকারী কমিশনারের (ভূমি) কাছে আবেদন করেছেন।
এই প্রতিবেদক গত রোববার সকালে ঘটনাস্থলে গেলে সেখানে জড়ো হন কামারজগদইল গ্রামের ক্ষুদ্র জাতিসত্তার লোকেরা। এ সময় মামলার বাদী বাঁশি সরেন অভিযোগ করেন, সমাধিস্থলের ফাঁকা জায়গায় গ্রামের লোকজন সরিষার আবাদ করেছিলেন। আবদুল কাদেরের লোকজন গত শুক্রবার রাতারাতি সেই সরিষা তুলে ফেলে ট্রাক্টর দিয়ে চাষ করে জমিটি দখল করে নেন। শনিবার এর প্রতিবাদ করতে গেলে তিনি তাঁদের হুমকি দেন।
উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মুক্তিযুদ্ধের আগে থেকেই ওই শ্মশানে লোকজনকে সমাধিস্থ করে আসা হচ্ছে। সর্বশেষ দুই মাস আগেও সেখানে গ্রামের মোড়ল ভাদো হেমব্রম (৪৫) ও ছয় মাস বয়সী সুমিতা হেমব্রমকে সমাধিস্থ করা হয়। ঘটনাস্থলে আসা নেজামপুর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য তাজউদ্দীন আহমেদ (৩৪) ও জগদইল গ্রামের আওয়ামী লীগ নেতা (স্থানীয় ওয়ার্ডের সভাপতি) শুকুর উদ্দীন (৬০) বলেন, তাঁরাও ছোটবেলা থেকেই জায়গাটা ক্ষুদ্র জাতিসত্তার মানুষদের শ্মশান হিসেবে ব্যবহৃত হতে দেখে আসছেন। তবে আবদুল কাদেরের লোকজন মাঝেমধ্যেই ওই জায়গায় লাশ সমাধিস্থ করতে বাধা দেন। গ্রামের বাসিন্দা সেরিনা মার্ডি (৩৫) বলেন, সাত বছর আগে তাঁর মা ফুলমণি মুরমু মারা যান। আবদুল কাদেরের বাধার মুখে পুলিশের সহায়তায় শেষ পর্যন্ত তাঁকে সমাধিস্থ করা হয়েছিল। ওই জমির ওপর নিজের স্বত্ব প্রতিষ্ঠা করতে আবদুল কাদের ২০০৯ সালে আদালতেও মামলা করেন। কিন্তু চাঁপাইনবাবগঞ্জ সদরের জ্যেষ্ঠ সহকারী জজ আদালত জমিটি অর্পিত সম্পত্তি উল্লেখ করে ২০১৬ সালে মামলাটি খারিজ করে দেন।
নাচোল থানার ওসি ফাছির উদ্দীন বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ দুই পক্ষকে গতকাল সোমবার থানায় ডাকা হয়েছিল। তবে আবদুল কাদের সময় চেয়েছেন।