শ্যামনগর উপজেলা চেয়ারম্যানকে অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচটি মাসিক সভায় অনুপস্থিত থাকার কারণে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যানকে তাঁর পদ থেকে অপসারণ করা হয়েছে। চেয়ারম্যান আবদুল বারী জামায়াতের কেন্দ্রীয় শুকরা সদস্য ও শ্যামনগর উপজেলার জামায়াতের সাবেক আমির।
২০১৪ সালের সেপ্টেম্বর থেকে গত জানুয়ারি পর্যন্ত পরপর পাঁচটি মাসিক সভায় অনুপস্থিত ছিলেন আবদুল বারী। এ কারণে তাঁকে অপসারণ করে শূন্যপদে উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের একটি চিঠিতে এসব কথা উল্লেখ করা হয়।
সাতক্ষীরার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জুলিয়া মঈন স্বাক্ষরিত পত্রে বলা হয়, পরপর পাঁচটি মাসিক সভায় শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আবদুল বারী অননুমোদিতভাবে অনুপস্থিত ছিলেন। তাঁকে কারণ দর্শানোর নোটিশের জবাবে তিনি তা স্বীকার করেছেন। সে জন্য উপজেলা পরিষদ আইনের ১৯৯৮-এর ১৩/২ ধারা অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। ব্যক্তিগত শুনানির জন্য তাঁকে নোটিশ পাঠালেও তিনি হাজির হননি। ফলে তাঁকে ওই পদ থেকে অপসারণ করা হয়েছে।