শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন-উল-মুলককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল এ-সংক্রান্ত চিঠি সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছায়। শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জামায়াত নেতা মাওলানা আবদুল বারী অপসারিত হওয়ার পর থেকে মহসীন-উল-মুলক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সায়েদ মো. মনজুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জুলিয়া মঈন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ভাইস চেয়ারম্যান মহসীন-উল-মুলকের বিরুদ্ধে দুটি মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় তাঁর দ্বারা উপজেলা পরিষদের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থী বলে সরকার মনে করে। তাই উপজেলা পরিষদ আইন ১৯৯৮ সালের উপজেলা পরিষদ সংশোধন আইন, ২০১১ ধারা সংশোধিত ১৩-এর ‘খ’(১) অনুসারে শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন-উল-মুলককে সাময়িক বরখাস্ত করা হলো।

মহসীন-উল-মুলক জানান, বরখাস্তসংক্রান্ত কোনো কাগজপত্র তিনি পাননি। তবে তিনি লোকমুখে শুনেছেন। চিঠি হাতে পেলে পরবর্তী পদক্ষেপ নেবেন।