শ্যামনগরে গৃহবধূকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পরানপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার ভোরে গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ গৃহবধূর স্বামী আবদুর রউফ গাজী ও পুত্রবধূ আলেয়া খাতুনকে আটক করেছে।
আলেয়া খাতুন জানান, বুধবার রাতে খাবার খেয়ে তাঁর শাশুড়ি নিজ ঘরে ঘুমাতে যান। পরদিন সকালে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, তাঁর শাশুড়িকে কে বা কারা হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করেছে। বিষয়টি প্রতিবেশীরা জানার পর পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
আবদুর রউফ গাজী জানান, একই গ্রামের একজনের সঙ্গে জমিজমাসংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের বিরোধ চলে আসছে। ওই ঘটনার জের ধরে প্রতিপক্ষ তাঁর স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে বলে তিনি ধারণা করছেন। তিনি আরও জানান, তিনি বাড়িতে না থাকায় তাঁর স্ত্রী ঘরে একা ছিলেন।
শ্যামনগর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।