শ্যামনগরে গ্রেপ্তারের পর পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গ্রেপ্তারের পর পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রেজাউল ইসলাম (৪২) নামের একজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে উপজেলার খানপুর থেকে নুরনগর যাওয়ার পথে ফাঁকা একটি জায়গায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, রেজাউল ইসলাম আন্তজেলা মোটরসাইকেল চুরি ও ছিনতাই চক্রের হোতা ছিলেন।
রেজাউলের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাধঘাটা গ্রামে।
শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউর রহমানের ভাষ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার পল্লবী থানার পুলিশ রেজাউলকে গ্রেপ্তার করে। সেখান থেকে পুলিশ গতকাল তাঁকে সাতক্ষীরায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁদের দলের অন্য সদস্যরা খানপুর এলাকায় রয়েছে। পরে রেজাউলকে নিয়ে ওই এলাকায় অভিযানে যায় পুলিশ।
জিয়াউর রহমান আরও বলেন, অভিযানে যাওয়ার পর ওই এলাকায় আগে থেকে ওত পেতে থাকা রেজাউলের দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। গুলিবিনিময়কালে রেজাউল পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি গুলিবিদ্ধ হন। একপর্যায়ে তাঁর দলের সদস্যরা বিলের মধ্যে দিয়ে পালিয়ে যায়। পরে রাত আড়াইটার দিকে রেজাউলকে উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রেদোয়ান আলী জানান, রেজাউলকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল।
শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউর রহমানের ভাষ্য, রেজাউলের বিরুদ্ধে অস্ত্র, মোটরসাইকেল ছিনতাই, চুরি ও অপহরণের অভিযোগে নয়টি মামলা রয়েছে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।