শ্যামনগরে ঘের নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ২
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের লক্ষ্মীখালি গ্রামে বিরোধপূর্ণ একটি চিংড়িঘেরের দখল নিয়ে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকের এ ঘটনায় দুই পক্ষের আরও ১৩ জন আহত হন। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে।
নিহত ব্যক্তিরা হলেন লক্ষ্মীখালি গ্রামের আইজুল ইসলাম মোড়ল (৫৫) এবং গাংড়ামারী গ্রামের নূরুন নবী (৪০)।
ঘটনার শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে গেছেন।
গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুদুল আলম জানান, লক্ষ্মীখালি বিলে কমপক্ষে ২৫ ব্যক্তির মালিকানাধীন ২০০ বিঘার একটি চিংড়িঘের রয়েছে। ঘেরটি নিয়ে সাবেক ইউপি সদস্য আবদুল মুজিদ ও গাংড়ামারী গ্রামের আসাদুল্লাহ আল গালিবের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আবদুল মুজিদ জমির মালিকদের ইজারার টাকা না দিয়ে জোর করে ওই ঘেরে চিংড়ি চাষ করে আসছিলেন বলে তিনি দাবি করেন।
মাসুদুল আলম বলেন, আবদুল মুজিদের দখলে থাকা এই ঘেরের জমির মালিকেরা আসাদুল্লাহ আল গালিবের নেতৃত্বে ২০১৩ সালের ২৭ অক্টোবর দখল করতে গেলে সংঘর্ষ বাধে। এ সময় পিটিয়ে হত্যা করা হয় আসাদুল্লাহ আল গালিবকে। পরে জমির মালিকেরা ওই চিংড়িঘের দখলে নেন।
প্রত্যক্ষদর্শী আসাদুল ইসলাম ও আবদুল আলীম নামের দুই ব্যক্তি জানান, জমির মালিকদের দখলে থাকা ওই ঘের গতকাল আবদুল মুজিদের নেতৃত্বে কয়েক শ লোক অস্ত্র, দা, বোমা ও লাঠি নিয়ে দখল করতে যায়। আসাদুল্লাহ আল গালিবের ছেলে নূরুন নবীর নেতৃত্বে স্থানীয় লোকজন বাধা দিলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আবদুল মুজিদ পক্ষের আইজুল ইসলাম মোড়ল নিহত হন। গুরুতর আহত অবস্থায় নূরুন নবীকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আহত ব্যক্তিরা হলেন লক্ষ্মীখালি গ্রামের ফারুক হোসেন (৩৭), আশিকুর রহমান (৩২), আবদুল আলিম (২৮), ফারুক সরদার (৩২), শহীদ সরদার (৩৩), বাসার আলী (৩২), হানিফার রহমান (২৮), খলিলুর রহমান (৪০), ডুমুরিয়া গ্রামের এবাদত হোসেন (৩২), সিদ্দিক খাঁ (২৭) গাংড়ামারী গ্রামের নজরুল ইসলাম (২৮), মজিবুল্যাহ (৩০) ও রাশেদ বিশ্বাস (৫০)।
তাঁদের মধ্যে গুলিবিদ্ধ শহীদ সরদার, এবাদত হোসেন ও রাশেদ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আহত বাকি ১০ জনকে গোপনে বিভিন্ন ক্লিনিেক চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তাঁদের ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।