শ্যামনগরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫, গ্রেপ্তার ১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কৈখালী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ ২৫ জন আহত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে ওই ইউনিয়নের বৈশখালী গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
এ সময় ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৭ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গ্রাম্য দলাদলি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জামায়াত-সমর্থিত কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আবদুর রহিম এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক আবুল কালামের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেলে উভয় পক্ষ পুলিশের ওপর ইট নিক্ষেপ করে। একপর্যায়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বেধড়ক লাঠিপেটা করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় উভয় পক্ষের ১৬ জন আহত হয়েছে। আহত ব্যক্তিরা গ্রেপ্তার এড়াতে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
গ্রেপ্তার হওয়া ইউপি চেয়ারম্যান বলেন, যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে তাঁর কর্মী ও সমর্থকদের ওপর কোনো কারণ ছাড়াই হামলা চালানো হয়েছে।
যুবলীগের সভাপতি বলেন, আবদুর রহিম ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের নানাভাবে হয়রানি করছেন। শুক্রবার তাঁর চাচাতো ভাই ফজলুর রহমানকে চেয়ারম্যানের নেতৃত্বে লোকজন মারধর করে। বর্তমানে তিনি শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। গতকালও তারা আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা করে। এ সময় হামলা প্রতিরোধ করলে সংঘর্ষ হয়।
শ্যামনগর থানার ওসি বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফুর রহমান, নাসিরউদ্দিন, ফণীভূষণ সরকারসহ পুলিশের নয়জন সদস্য আহত হন। তাঁরা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এসআই ফণীভূষণ বাদী হয়ে গ্রেপ্তার ১৭ জনসহ অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনের নামে মামলা করেছেন।