শ্যামনগরে দুজনকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার সুন্দরবন-সংলগ্ন শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের দৃষ্টিনন্দন এলাকায় দুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন শ্যামনগর উপজেলার ৯ নম্বর সোরা গ্রামের ওবায়দুর রহমান গাজী (২৬) ও হজরত আলী সরদার (২৮)। তাঁদের বিরুদ্ধে সুন্দরবনে জেলেদের জিম্মি করে দস্যুতার অভিযোগ রয়েছে।

গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের জেলে হোসেন আলী মোল্যা ও মিজানুর রহমান বলেন, সুন্দরবনের দস্যু আমীর বাহিনীর সদস্যরা গত শনিবার সকালে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কালিরখাল এলাকা থেকে কয়েকজন জেলেকে অপহরণ করেন। এ ঘটনা জানতে পেরে গতকাল সন্ধ্যায় সুন্দরবনে কর্মরত জেলেরা এক হয়ে কালিরখাল এলাকায় অবস্থানরত আমীর বাহিনীর সদস্যদের ঘেরাও করেন। এ সময় অন্যরা পালিয়ে গেলেও দুজনকে আটক করা হয়। সুন্দরবন থেকে আটক ব্যক্তিদের গতকাল রাত নয়টায় দিকে গাবুরার দৃষ্টিনন্দন এলাকায় নিয়ে আসা হয়। সেখানে ক্ষুব্ধ জেলেরা তাঁদের পিটিয়ে হত্যা করেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, নিহত ব্যক্তিরা বনদস্যু বাহিনীর সদস্য। তাঁদের বিরুদ্ধে সুন্দরবনে জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে কয়েকটি মামলা রয়েছে। পুলিশ লাশ দুটি উদ্ধার করে থানায় এনেছে।