শ্যামনগরে ধর্ষণ: ভুক্তভোগীর ভাইকে অপহরণের ঘটনায় ৩ জনের নামে অভিযোগপত্র জমা
সাতক্ষীরার শ্যামনগরে ধর্ষণের শিকার এক নারীর ভাইকে (২৪) অপহরণের পর নির্যাতনের ঘটনায় তিনজনের নামে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. আইনুদ্দিন এই অভিযোগপত্র জমা দেন।
মামলার এজাহারভুক্ত ওই তিন আসামি হলেন আবু বক্কর ছিদ্দিক (৪০), সুকুমার মণ্ডল (৩৮) ও গোলাম রসুল (৩৯)। তাঁদের মধ্যে গোলাম রসুল মাদ্রাসাশিক্ষক।
মামলার তদন্ত কর্মকর্তা আইনুদ্দিন সাংবাদিকদের বলেন, আসামিরা পলাতক থাকায় তাঁদের গ্রেপ্তার করা যায়নি। মামলার তদন্তভার পাওয়ার ৪০ দিন পর তিনি অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগ-সম্পর্কিত ধারা সংযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন। তিনি আরও বলেন, অপহরণ করে নির্যাতনের পর হত্যাচেষ্টার ঘটনায় অভিযোগপত্রভুক্ত তিনজনসহ অজ্ঞাতনামা তিনজনের বিরুদ্ধে ধর্ষণের শিকার নারীর ভাই ২০ নভেম্বর থানায় মামলা করেন। মামলায় বলা হয়েছে, ভুক্তভোগী নারীর ভাইকে অপহরণ করে ধর্ষণের মামলা তুলে নেওয়ার চাপ দেওয়া হয়। তাঁর শরীরে ইনজেকশন পুশ করে হাত, পা ও মুখ বেঁধে নির্যাতনের পর বস্তায় ভরে হত্যার চেষ্টা করা হয়।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৮ সালের জুনে ওই নারী তিনজনের কাছে দলবদ্ধ ধর্ষণের শিকার হন, এ অভিযোগে মামলা হয়েছে। মামলাটি আদালতে রায়ের অপেক্ষায় আছে। এমন অবস্থায় গত ১৭ নভেম্বর মায়ের জন্য ওষুধ কিনে বাড়ি ফেরার সময় ভুক্তভোগী নারীর ভাইকে অপহরণ করা হয়। নির্যাতনের পর এলাকার একটি সেতুর পাশে ফেলে রাখা হয়। ধর্ষণের মামলা তুলে না নেওয়ায় তরুণকে পরিকল্পিতভাবে অপহরণের পর নির্যাতন করা হয় বলে অভিযোগ করেছেন তাঁর পরিবারের সদস্যরা।