শ্যামনগরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' একজন গুলিবিদ্ধ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ইছাপুর এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যক্তির নাম মনসুর আলী শেখ (৪৫)। তিনি উপজেলার বাদোঘাটা গ্রামের হামিদ শেখের ছেলে। তাঁকে পুলিশের পাহারায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হকের ভাষ্য, একদল মাদক ব্যবসায়ী ইয়াবা পাচার করছেন—এ তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাত একটার দিকে উপপরিদর্শক (এসআই) আবদুল কাদেরের নেতৃত্বে পুলিশের একটি দল পাঠানো হয়।
উপপরিদর্শক কাদেরের ভাষ্য, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা তাঁদের ওপর প্রথমে ইটের টুকরা নিক্ষেপ করতে থাকেন। পরে ককটেলের বিস্ফোরণ ঘটান। আত্মরক্ষার্থে পুলিশ পাঁচটি গুলি ছোড়ে। এভাবে ১০ মিনিট সংঘর্ষ চলার পর মাদক পাচারকারীরা পালিয়ে যান।
ঘটনাস্থল থেকে উপজেলার বাদোঘাটা গ্রামের মনসুর আলী শেখকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাঁর শরীর তল্লাশি করে ২৮টি ইয়াবা বড়ি ও গাঁজার ৭৮টি পুড়িয়া পাওয়া যায়।