শ্যামনগরে যুবককে পুড়িয়ে হত্যার চেষ্টা?
সাতক্ষীরার শ্যামনগরে ভবসিন্ধু মণ্ডল (৩৩) নামের এক যুবককে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাত ১২টার দিকে ঘটনাটি ঘটে শ্যামনগরের রমজাননগর ইউনিয়নের মানিকখালী গ্রামে।
ভবসিন্ধু মানিকখালী গ্রামের পল্লি চিকিৎসক নিত্যানন্দ মণ্ডলের ছেলে। নিত্যানন্দ বলেন, তাঁদের বাড়ি-সংলগ্ন ১৫ বিঘার চিংড়ি ঘের থেকে প্রতিবেশী হাফিজুর রহমানের মেয়ে হীরা সোমবার দুপুরে মাছ ধরছিল। মাছ ধরতে নিষেধ করায় হাফিজুর রহমানের সঙ্গে ভবসিন্ধু মণ্ডলের বাগ্বিতণ্ডা হয়। বিকেলের দিকে হাফিজুর তাঁর ভাই সাইদুল রহমান, বাবা মুজিবর রহমানসহ কয়েকজন লোকজন নিয়ে তাঁদের বাড়িতে এসে ভবসিন্ধুকে মারধরের চেষ্টা করেন। এ ঘটনার পর সন্ধ্যায় নিত্যানন্দ স্থানীয় তিন প্রতিবেশীকে নিয়ে হাফিজুরের বাড়িতে গিয়ে ক্ষমা চেয়ে আসেন। কিন্তু রাতে তাঁরা চিংড়ি ঘেরের ঘরে আগুন লাগিয়ে ঘুমন্ত ভবসিন্ধুকে পুড়িয়ে মারার চেষ্টা করেন।
ছেলের চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় থানায় গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত কোনো অভিযোগ করতে পারেননি নিত্যানন্দ।
আগুনের তাপে ঝলসে যাওয়া ভবসিন্ধু স্বাস্থ্য কমপ্লেক্সে এই প্রতিবেদককে বলেন, সোমবার রাতে তিনি চিংড়ি ঘেরের ঘরের দরজা খোলা রেখে ঘুমিয়ে যান। ঘুম গভীর হতেই তিনি বুঝতে পারেন কয়েকজন মিলে তাঁর মুখের ওপর বালিশ চেপে শ্বাসরোধ করে মারার চেষ্টা করছে। ধস্তাধস্তি করে কোনো রকমে নিজেকে ছাড়িয়ে নিয়ে চৌকির নিচে পালান। দুর্বৃত্তরা তাঁকে চৌকির নিচ থেকে বের করে শরীরের বিভিন্ন অংশসহ গোপনাঙ্গ থেঁতলে দেয়। তাঁর চিৎকারে একপর্যায়ে দুর্বৃত্তরা বাইরে থেকে শিকল লাগিয়ে ঘরে আগুন ধরিয়ে দেয়।
ভবসিন্ধু বলেন, চিংড়ি ঘেরের শ্যালো মেশিনের জ্বালানি হিসেবে তিন ড্রাম ডিজেল ছিল। এ কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বাইরে থেকে দরজা আটকে দেওয়ায় বের হওয়ার পথ খুঁজে পাচ্ছিলেন না উল্লেখ করে ভবসিন্ধু বলেন, কাঠের দেয়ালের একাংশ ভেঙে তিনি ঘেরের পানিতে লাফ দেন।
ভবসিন্ধুর স্ত্রী চম্পা রানী মণ্ডল বলেন, সোমবার দুপুরে বাদানুবাদের পর হাফিজুর ও তাঁর লোকজন ভবসিন্ধুকে মারতে তাঁদের বাড়িতে আসেন। এ সময় শ্বশুরসহ প্রতিবেশীরা বুঝিয়ে হাফিজুরদের বাড়ি পাঠিয়ে দেন। রাতে সহযোগীদের নিয়ে হাফিজুর ঘুমন্ত অবস্থায় ভবসিন্দুকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করেন।
ভবসিন্ধুকে হত্যার চেষ্টার অভিযোগ সম্পর্কে মুজিবর রহমান বলেন, ৭০ বছর বয়সে এসে কাউকে মারার মতো শারীরিক ক্ষমতা তাঁর নেই। তুচ্ছ ঘটনা নিয়ে সোমবার দুপুরে তাঁর ছেলে হাফিজুরকে মারধর করেন ভবসিন্ধু। একপর্যায়ে সন্ধ্যার পর ভবসিন্ধুর বাবা নিত্যানন্দ মণ্ডলসহ তিনজন প্রতিবেশী এসে ক্ষমা চেয়ে যান। দুই দিন পর উভয় পক্ষ মীমাংসা করার কথাও হয়। রাতে কী ঘটেছে, সে বিষয়ে তাঁরা কেউ কিছু বলতে পারেন না। তবে রাতে লোকমুখে খবর পেয়ে ঘটনাস্থলে ভবসিন্ধুর ঘেরের ঘর আগুনে পোড়াসহ তাঁকে পানি থেকে উদ্ধারের দৃশ্য অন্যদের সঙ্গে দেখেছেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান মুঠোফোনে বলেন, এ বিষয়ে তাঁর কিছু জানা নেই। থানায় কেউ অভিযোগ করেনি। তবে তিনি দ্রুত খোঁজখবর নিচ্ছেন।